মৌমাছিরাও সামাজিক দূরত্ব মেনে চলে

By স্টার অনলাইন ডেস্ক

মৌমাছিরাও সামাজিক দূরত্ব মেনে চলে। মৌচাকে কোনো পরজীবীর সংক্রমণ দেখা দিলে তা মোকাবিলায় মৌমাছিরা সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করে বলে জানিয়েছেন গবেষকরা।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) এথোলজিস্টদের (প্রাণীর স্বভাব সম্পর্কিত গবেষক) একটি আন্তর্জাতিক দলের পরিচালিত গবেষণায় দেখেছেন, মৌচাকে কোথাও ক্ষতিকর পরজীবীর সংক্রমণ দেখা দিলে মৌমাছির দল নিজেদের জায়গা বদল করে এবং তরুণ ও বয়স্ক মৌ মাছির মধ্যে দূরত্ব তৈরি করে থাকে। 

গবেষকরা মনে করেন, মৌমাছিরা তাদের মৌচাকে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে সামাজিক দূরত্ব মেনে চলে। 

ইউসিএল সেন্টার ফর বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চের সহকারী গবেষণার ড. আলেসান্দ্রো সিনি বলেন: 'এখানে আমরা প্রথমবারের মতো প্রমাণ দিয়েছি যে, সংক্রমণ প্রতিরোধে মৌমাছিরা তাদের সামাজিক মিথস্ক্রিয়ায় পরিবর্তন আনে এবং কোনো একটি সাধারণ পরজীবী সংক্রমণের প্রতিক্রিয়া হিসেবে কীভাবে তারা মৌচাকের চারপাশে চলাফেরা করে।'

'মৌমাছিরা সামাজিক প্রাণী, কারণ তারা তাদের দায়িত্বগুলো ভাগ করে নিয়ে এবং পারস্পরিক মিথস্ক্রিয়া থেকে উপকৃত হয়। তবে, তাদের সেই সামাজিক কার্যকলাপগুলো সংক্রমণের ঝুঁকি বাড়ালে মৌমাছিরা নিজে থেকে সামাজিক দূরত্ব অবলম্বন করে ঝুঁকি হ্রাস করে,' বলেন তিনি।