টেস্ট র্যাঙ্কিংয়ে এগোলেন মাহমুদউল্লাহ-লিটন-মিরাজ-তাসকিন
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। তাদেরকে যোগ্য সঙ্গ দেন লিটন দাস আর তাসকিন আহমেদও। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি বাংলাদেশের ক্রিকেটাররা পেয়েছেন র্যাঙ্কিংয়ে।
বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৯ ধাপ এগিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। হারারেতে প্রথম ইনিংসে দল যখন মহাবিপাকে ছিল, তখন আট নম্বরে নেমে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন তিনি। ২৭৮ বলে অপরাজিত ১৫০ রানের সুবাদে তিনি আছেন ৪৪ নম্বরে।
ওই ইনিংসেই অল্পের জন্য সেঞ্চুরি পাননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন। ১৪৭ বলে ৯৫ রান করায় ১৫ ধাপ উন্নতি হয়েছে তার। তিনি আছেন ৫৫তম স্থানে। দ্বিতীয় ইনিংসে অভিষেক টেস্ট সেঞ্চুরির স্বাদ নেন ওপেনার সাদমান ইসলাম, টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্ত পান ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তবে তারা কেউই এখনও র্যাঙ্কিংয়ের সেরা একশতে ঢুকতে পারেননি।
হারারে টেস্টে বাংলাদেশের পক্ষে বিদেশের মাটিতে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন মিরাজ। এই অফ স্পিনার ১৪৮ রানে শিকার করেন ৯ উইকেট (প্রথম ইনিংসে ৮২ রানে ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৪ উইকেট)। তাতে ছয় ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ২৪ নম্বরে উঠেছেন তিনি। নজরকাড়া বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ডানহাতি পেসার তাসকিনেরও উন্নতি হয়েছে ছয় ধাপ। তিনি আছেন ৮৯ নম্বরে।
টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন। স্থানগুলো নিজেদের দখলে রেখেছেন যথাক্রমে কেইন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, বিরাট কোহলি ও জো রুট। বোলারদের র্যাঙ্কিংয়েও প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হ্যাজেলউড ও নিল ওয়াগনার আগের মতোই আছেন সেরা পাঁচে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান নড়চড় হয়নি জেসন হোল্ডারের। বাংলাদেশের বাঁহাতি তারকা সাকিব আল হাসান আছেন পাঁচে।