অনুশীলনে বলের আঘাতে হাসপাতালে মঈন খানের ছেলে আজম

স্পোর্টস ডেস্ক

অনুশীলন করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন মঈন খানের ছেলে পাকিস্তানের তরুণ ক্রিকেটার আজম খান। এতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের দুই টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন তিনি।

শুক্রবার গায়ানায় পাকিস্তানের অনুশীলনে ঘটে এই ঘটনা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, নেটে পেস বল খেলতে গিয়ে মাথায় চোট পান আজম। সেসময় হেলমেট পরা থাকলেও তার আঘাত বেশ গুরুতর মনে হয়। যদিও তিনি জ্ঞান হারাননি।

বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে সতর্কতা অবলম্বন করে আজমকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরমধ্যে করা হয়েছে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা। 

সিটি স্ক্যান রিপোর্টে সব কিছু ঠিক থাকলে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন আজম। এরমধ্যে শনি ও রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে নামবে পাকিস্তান। স্বাভাবিকভাবেই দুই ম্যাচ খেলা হচ্ছে না আজমের। মঙ্গলবার শেষ ম্যাচে তিনি ফিরবেন কিনা তাও নিশ্চিত নয়।

চলতি মাসেই ইংল্যান্ড সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খানের ছেলে আজমের। বাবা কিপার ব্যাটসম্যান হলেও আজম মূলত বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানে পরিচিত।