অনেক অপেক্ষার পরের সেঞ্চুরিতে বাবরের দুই বিরল কীর্তি

স্পোর্টস ডেস্ক

লম্বা সময় কেটে গেলেও টেস্টে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না বাবর আজম। পাকিস্তান অধিনায়কের অপেক্ষার পালা থামল অবশেষে। দুই বছরের বেশি সময় পর সাদা পোশাকে তিন অঙ্কের স্বাদ পেলেন তিনি। কাঙ্ক্ষিত শতরানে সময়ের অন্যতম সেরা এই ব্যাটার স্পর্শ করলেন দুটি বিরল কীর্তিও।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন বাবর। চারে নেমে চতুর্থ দিন শেষে তিনি অপরাজিত আছেন ১০২ রানে। ১৯৮ বলের ইনিংসে তিনি মেরেছেন ১২ চার। ৮৩ বলে ফিফটি স্পর্শ করার পর তিনি সেঞ্চুরিতে পৌঁছান ১৮০ বলে।

ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে বাবরের এটি ষষ্ঠ সেঞ্চুরি। সবমিলিয়ে ১২ টেস্ট ও ২০ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন তিনি। তার সবশেষ সেঞ্চুরি এসেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একমাত্র ইনিংসে তিনি করেছিলেন ১৪৩ রান। সেটাই তার ক্যারিয়ারসেরা ইনিংস।

বাবর যখন ক্রিজে যান, তখন ৫০৬ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় ধুঁকছিল পাকিস্তান। ২৩তম ওভারে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে মোটে ২৩ রান। উইকেটে গিয়ে দলের রানের চাকা কিছুটা সচল করেন তিনি। অসাধারণ ইনিংসে কোনো সুযোগই দেননি অজি বোলারদের। দিন শেষে পাকিস্তানের রান দাঁড়িয়েছে ২ উইকেটে ১৯২। আসাদুল্লাহ শফিকের সঙ্গে ৩৬১ বলে ১৭১ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি গড়েছেন তিনি। ওপেনার শফিক অপরাজিত আছেন ২২৬ বলে ৭১ রানে।

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার বাবর। তার আগে এই কীর্তি গড়েছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে দলনেতা হিসেবে সব সংস্করণেই সেঞ্চুরির রেকর্ড আছে শুধু ইংল্যান্ডের হিদার নাইটের।

কোনো টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করা দ্বিতীয় পাকিস্তান অধিনায়ক বাবর। এতদিন এই তালিকায় একমাত্র ছিলেন সাবেক তারকা ক্রিকেটার ইউনুস খান। তিনি ২০০৭ সালে কলকাতায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে তিন অঙ্ক ছুঁয়েছিলেন।