অবশেষে মিলল জিম্বাবুয়ের স্কোয়াড, ওয়ানডেতেও নেই উইলিয়ামস-আরভিন

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আইসোলেশন শেষে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল এলেও স্কোয়াডে রাখা হয়নি শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে। দুই দলের একমাত্র টেস্টে স্বাগতিকদের নেতৃত্ব দেওয়া ব্রেন্ডন টেইলরই অধিনায়কত্ব করবেন ওয়ানডেতে।

এর আগে প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর ২৪ ঘণ্টা আগেও জিম্বাবুয়ে স্কোয়াড না দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমরা কাদের বিপক্ষে কাল খেলব তা তো জানিই না। প্রথম বল হওয়ার ২৪ ঘণ্টাও নাই। অথচ এখনও আমরা দলই জানতে পারিনি।’

বাংলাদেশের অধিনায়কের এমন বক্তব্যেরও কয়েক ঘণ্টা পর ঘোষিত হয়েছে জিম্বাবুয়ের ১৬ সদস্যের স্কোয়াড। সেখানে অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটারকে রাখা হয়েছে। তারা হলেন মিল্টন শুম্বা, টাডিওয়ানাশে মারুমানি ও ডিওন মায়ার্স।

কোভিড আক্রান্ত স্বজনদের সংস্পর্শে যাওয়ায় উইলিয়ামস ও আরভিনকে টেস্ট শুরুর আগের দিন আইসোলেশনে পাঠানো হয়েছিল। এই সপ্তাহে তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) মেডিকেল দল ঝুঁকি নিতে চায় না। এই ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢোকানোর আগে আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে চায় তারা।

তবে জিম্বাবুয়ের জন্য রয়েছে কিছু সুসংবাদও। অস্থিমজ্জায় সংক্রমণের কারণে গত মার্চ থেকে মাঠের বাইরে থাকা সিকান্দার রাজা সুস্থ হয়ে ফিরেছেন দলে। ডান পায়ের হাঁটুর চোট কাটিয়ে জায়গা পেয়েছেন রায়ান বার্ল। তাছাড়া, ২০১৬ সালের জানুয়ারির পর আর কোনো ওয়ানডে না খেলা লুক জঙ্গুইকেও ডাকা হয়েছে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে। পরের দুটি ম্যাচ হবে ১৮ ও ২০ জুলাই। সবগুলো ম্যাচের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব। বৈশ্বিক মহামারির কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা। এই সিরিজটি আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অংশ।

জিম্বাবুয়ে স্কোয়াড:

রায়ান বার্ল, রেজিস চাকাবা, টেন্ডাই চাটারা, লুক জঙ্গুই, টিনাশে কামুনহুকামুই, ওয়েসলি মাধেভেরে, টিমিসেন মারুমা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর ও ডোনাল্ড টিরিপানো।