অবসাদ কাটাতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের ছুটিতে স্টোকস

স্পোর্টস ডেস্ক

টানা খেলা, জৈব সুরক্ষা বলয়ে থাকার ধকল মিলিয়ে অনেকদিন থেকেই নিজের অস্বস্তি জানিয়ে আসছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এবার মানসিক স্বাস্থ্যের কথা মাথায় নিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন তিনি।

তার এই অপ্রত্যাশিত ছুটির খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছে স্টোকস যতদিন খুশি খেলার বাইরে থাকতে পারেন,  'ইসিবি নিশ্চিত করছে যে ইংল্যান্ড পুরুষ দলের অলরাউন্ডার বেন স্টোকস সব ধরণের ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে যাচ্ছেন।'

ইসিবির ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস স্টোকসের এই সিদ্ধান্ত সমর্থন করেছেন, 'বেন যতদিন খুশি সময় নিক। ইংল্যান্ডের হয়ে তাকে খেলানোর জন্য আমরা অপেক্ষা করব।'

ইংল্যান্ডকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়া এই অলরাউন্ডার ব্যক্তিগত জীবনেও এসেছে দুঃসময়। ক্যান্সার আক্রান্ত হয়ে গত ডিসেম্বরে মারা যান তার বাবা। বাবার অসুস্থতার জন্য সেসময়ও ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।

এরপর মাঠে ফিরলেও নিয়মিতভাবে টানা তাকে পাচ্ছিল না ইংল্যান্ড। খেলোয়াড়দের মানসিক দিক বিবেচনা করে অবশ্য রোটেশন পলিসিও বেছে নিয়েছিল ইসিবি। প্রত্যেক সিরিজে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয় ক্রিকেটারদের।

৫ অগাস্ট থেকে ভারতের বিপক্ষে শুরু হচ্ছে ৫ টেস্টের সিরিজ। এই সিরিজে সুরক্ষা বলয়ের কড়াকড়ি থাকছে না বলে জানা গেছে। ছুটি নেওয়ায় অবশ্য ইংল্যান্ড পাচ্ছে না তাদের সেরা অলরাউন্ডার স্টোকসকে।