অবিশ্বাস্য ব্যাটিংয়ে কলকাতাকে জিতিয়ে রেকর্ডে কামিন্স
আন্দ্রে রাসেলের বিদায়ে প্যাট কামিন্স যখন ক্রিজে গেলেন কলকাতার ম্যাচ জিততে চাই ৪১ বলে ৬১। অনেক কঠিন সেই সমীকরণ ২৪ বল আগেই মিলিয়ে ফেলবেন এমনটা আর কে ভেবেছিলেন! কিন্তু হয়েছে সেটাই। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের উপর খুনে ব্যাটিংয়ে আইপিএলে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড স্পর্শ করে জেতালেন দলকে।
বুধবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মাত্র ১৪ বলে ফিফটি স্পর্শ করেন এই অস্ট্রেলিয়ান। স্পর্শ করেন লোকেশ রাহুলের রেকর্ড। ২০১৮ সালে পাঞ্জাবের হয়ে দিল্লির বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন রাহুল।
কামিন্সের রেকর্ডময় খুনে ব্যাটিংয়ের দিনে একদম পিছিয়ে থাকা অবস্থা থেকে আচমকা ঝড়ে ঘুরে দাঁড়িয়ে মুম্বাইকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কামিন্স ঝড়ে মুম্বাইর ১৬১ রান ২৪ বল আগেই টপকে যায় কলকাতা। তাতে ১৫ বলে ৪ বাউন্ডারি আর হাফ ডজন ছক্কায় ৫৬ করে কামিন্স।
১৪তম ওভারে ক্রিজে এসে টাইমাল মিলসকে দ্বিতীয় বলেই ছক্কা মারেন কামিন্স, পরের বলে চার। পরের ওভারের জাসপ্রিট বুমরাহকে মারেন ছয়-চার। শেষ পাঁচ ওভারে ম্যাচ জিততে দরকার ছিল ৩৫ রান।
ড্যানিয়েল স্যামসের উপর তুফান বইয়ে ১৬তম ওভারেই ম্যাচ শেষ করে দেন তিনি। ওই ওভারের প্রথম চার বল থেকে আসে - ৬,৪, ৬, ৬ । পঞ্চম বল হয় নো। দৌড়েও আসে ২ রান। বাকি দুই বল থেকে চার-ছক্কায় ম্যাচ শেষ করে উল্লাসে মাতেন তিনি।
অথচ ম্যাচটি হতে পারত তার জন্য তিক্ত। পাকিস্তান সিরিজ শেষ করে আইপিএলে যোগ দিয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। কিন্তু বল হাতে ছিলেন বিবর্ণ। ৪ ওভারে ২ উইকেট পেলেও দিয়ে দেন ৪৯ রান।
সূর্য কুমার যাদবের (৩৬ বলে ৫২) ব্যাটে জুতসই পুঁজি দাঁড় করায় মুম্বাই। রান তাড়ায় আজিঙ্কা রাহানে-ভেঙ্গেটেশ আইয়ার আনেন মন্থর শুরু। রাহানে ১১ বল খুইয়ে ফেরেন ৭ রান করে। শ্রেয়াস আইয়ার, স্যাম বিলিংস, নিতিশ রানারা ছিলেন আসা যাওয়ার মাঝে।
রানের চাপ প্রচুর বেড়ে গেলে আন্দ্রে রাসের বিস্ফোরনের আশায় ছিল কলকাতা। ৫ বলে ১ চার, ১ ছয়ে রাসেল ১১ করে ফিরে গেলে ফিকে হতে থাকে কলকাতার আশা।
কে জানত, কামিন্স এদিন রূপ নেবেন রাসেলের থেকেও বিস্ফোরক ভূমিকায়! তার ব্যাটেই হতভম্ব হয়ে থাকতে হলো রোহিত শর্মার মুম্বাইকে।