অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো ফলাফলে চোখ মাহমুদউল্লাহর
বিপিএলের আগামী আসরের জন্য অভিজ্ঞতায় ভরপুর দল তৈরি করেছে ঢাকা। শেষ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি বাতিলের নাটকীয়তার পর বিসিবির অধীনে থাকা এই দলে মাহমুদউল্লাহর সঙ্গে আছেন মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল। তাদের অন্যান্য দেশি-বিদেশি ক্রিকেটারদের বেশির ভাগেরই অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ। এই অভিজ্ঞতাকে পুঁজি করে এবার ভালো ফলাফল করার বিশ্বাস রাখছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।
সোমবার রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের আগেই মাহমুদউল্লাহকে সরাসরি দলে টানে ঢাকা। ড্রাফটের প্রথম ডাকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিমকে নেওয়ার পর তারা অন্তর্ভুক্ত করে বিপিএলের সফলতম কাপ্তান মাশরাফিকে। এছাড়া দলটিতে অভিজ্ঞ দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন রুবেল হোসেন, শুভাগত হোম, শফিউল ইসলাম ও জহুরুল ইসলাম অমি। অভিজ্ঞ বিদেশি খেলোয়াড় হিসেবে তারা টেনেছে ইসুরু উদানা, মোহাম্মদ শাহজাদ ও নাজিবউল্লাহ জাদরানকে।
করোনাভাইরাসের কারণে গত বছর হয়নি বিপিএল। দেশের ক্রিকেটারদের নিয়ে বিসিবি আয়োজন করেছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন জেমকন খুলনা। মাশরাফিও ছিলেন সেই দলে। এবার ঢাকায় তাদের সঙ্গে যুক্ত হয়েছেন তামিম।
ড্রাফটের পর অভিজ্ঞতায় ঠাসা দল নিয়ে সাংবাদিকদের কাছে মাহমুদউল্লাহ জানান নিজের প্রত্যাশা, 'সবসময়ই বিশ্বাস ছিল, (মাশরাফি ভাইয়ের সঙ্গে) আবার একসঙ্গে খেলতে পারব। আলহামদুলিল্লাহ, আবারও একসঙ্গে খেলতে পারছি। তামিমও আমাদের সঙ্গে আছে। অভিজ্ঞ খেলোয়াড়রা আমাদের দলে বেশি। তো মাঠে যদি এটা কাজে লাগাতে পারি, আমাদের ভালো ফলাফল করার সম্ভাবনা আছে বলে বিশ্বাস করি।'
মাশরাফি দলে থাকার প্রভাব নিয়ে তিনি বলেন, 'এটা আমরা সবসময় উপভোগ করি, মাশরাফি ভাইয়ের সঙ্গে খেলা বা তার অধীনে খেলা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ যেটা হলো, তখনও খুব ভালো সময় আমরা কাটিয়েছি এবং ভালো ক্রিকেটও খেলতে পেরেছি। আশা করি, ওইরকম ভালো একটা পরিবেশ যেন এই দলেও তৈরি করতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি।'
কিছুদিন আগে তামিম ও মাহমুদউল্লাহর কথিত দ্বন্দ্ব নিয়ে সরগরম ছিল দেশের ক্রিকেট অঙ্গন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিমকে নাকি চাননি মাহমুদউল্লাহ। এদিন অবশ্য ড্রাফটে প্রথম ডাকেই তামিমকে নিয়েছে ঢাকা। আর নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে মাহমুদউল্লাহর ভাষ্য, 'অনেক কিছুই আমার হাতে নেই। অনেকেই অনেক কিছু ভাবে। আমি সবসময় আমার তরফ থেকে বিশ্বাস করতাম যে বন্ধন বা সম্পর্ক সবসময়ই ভালো ছিল।'
ঢাকার স্কোয়াড:
সরাসরি: মাহমুদউল্লাহ, নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান)।
ড্রাফট থেকে দেশি: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ ও ইবাদত হোসেন।
ড্রাফট থেকে বিদেশি: মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকি (আফগানিস্তান)।