আইরিশদের হারিয়ে ইতিহাস যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক অঙ্গনে আয়ারল্যান্ডের গল্পগাঁথা অনেক পুরনো। টেস্ট স্ট্যাটাস পাওয়া সদস্যও তারা। সেই আইরিশদের হারিয়ে চমক উপহার দিয়ে নতুন ইতিহাস গড়েছে নবাগত মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনো প্রথম সারীর দলকে হারিয়ে দিল আইসিসির র্যাংকিংয়ে একেবারে পিছনের সারির কোনো দল।
লুডারহিলে বুধবার আয়ারল্যান্ডকে ২৬ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করে তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রানের বেশি করতে পারেনি আইরিশরা।
আন্তর্জাতিক অঙ্গনে এটাই ছিল যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ। প্রথম ম্যাচটাও জিতে নিল দলটি। বর্তমানে আইসিসি র্যাংকিংয়ের ৩০ নম্বর অবস্থানে আছে তারা। অন্যদিকে আয়ারল্যান্ডের অবস্থান দ্বাদশ স্থানে। এ বছরই র্যাংকিংয়ের একাদশ স্থানে থাকা নেদারল্যান্ডসের সঙ্গে টাই করে নতুন নজির গড়েছিল ৩২তম স্থানে থাকা মালয়েশিয়া।
টস জিতে আগের দিন প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে শুরুটা ভালো হয়নি। বারি ম্যাককার্থি তোপে দলীয় ১৬ রানেই আউট হয়ে যায় টপ অর্ডারের ৪ উইকেট। এরপর সুশান্ত মোডানিকে নিয়ে দলের হাল ধরেন গজানান্দ সিং। মূলত এ জুটিই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। পঞ্চম উইকেটে ১১০ রান যোগ করেন এ দুই ব্যাটার।
এরপর গজানন্দ আউট হয়ে গেলে শেষ দিকে সুশান্তের সঙ্গে ৩৮ ও নিসর্গ প্যাটেলের সঙ্গে ২৪ রানে জুটি গড়েন মার্টি কেইন। তাতে বড় সংগ্রহই পায় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন গজানন্দ। ৪২ বলে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। সুশান্তের ব্যাট থেকে আসে ৫০ রান। ৩৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। শেষ দিকে ১৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৯ রানের ক্যামিও খেলেন মার্টি।
আয়ারল্যান্ডের পক্ষে ৩০ রানের খরচায় ৪টি উইকেট পান বারি ম্যাককার্থি।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লক্ষ্যের দিকে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল আয়ারল্যান্ড। তবে শেষ দিকে মার্কিনিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর পেরে ওঠেনি তারা। ২৬ রান দূরেই থামতে হয় তাদের।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন লোর্কান টাকার। ৪৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। পোল স্টার্লিং খেলেন ৩১ রানের ইনিংস। ১৫ বলে ৬টি চারে এ রান করেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষে ২টি করে উইকেট নেন সৌরভ নেটরাভলকার, আলী খান ও নিসর্গ।