অলিম্পিকসে ক্রিকেট অন্তর্ভুক্ত করতে আইসিসির পদক্ষেপ

স্পোর্টস ডেস্ক

অলিম্পিক গেমসে পৃথিবীর পুরনো খেলাগুলোর একটি ক্রিকেট অন্তর্ভুক্ত করতে আলোচনা অনেক দিন ধরেই। আইসিসি নিজেদের ইচ্ছার কথা আগেও আভাস দিলেও এবার সেটা পেল আনুষ্ঠানিক রূপ। ২০২৮ অলিম্পিকসে ক্রিকেট অন্তর্ভুক্ত করতে কমিটি গঠন করেছে আইসিসি।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, এই লক্ষ্যে একটি 'ওয়ার্কিং গ্রুপ' গঠন করা হয়েছে।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবির ইয়ান হোয়াটমোরের নেতৃত্বে এই কমিটিতে আছেন  আইসিসির স্বাধীন পরিচালক ইন্দ্রা নুয়ি, জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাবেঙ্গা মুকুলানি, আইসিসির সহযোগী দেশগুলোর পরিচালক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহ-সভাপতি মাহিন্দা ভালিপুরাম ও যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রধান পারাগ মারাঠে।

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকস ও ২০৩২ ব্রিজবেন অলিম্পিকসকে সামনে রেখে কাজ করে যাবে আইসিসির ওয়ার্কিং গ্রুপ।

মূলত প্রভাবশালী বোর্ডগুলোর অনিচ্ছায় অলিম্পিকসে ক্রিকেট অন্তর্ভুক্তি নিয়ে এগুনো যাচ্ছিল না। তবে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের এবার জানিয়েছেন, বিষয়টিতে একতাবদ্ধ আছেন তারা সবাই,   'আমরা একতাবদ্ধভাবে এই উদ্যোগ নিচ্ছি। বিশ্বে ১০০ কোটির বেশি ক্রিকেট সমর্থক আছে যাদের বেশিরভাগ অলিম্পিকসে খেলাটি দেখতে চায়। আমাদের বিশ্বাস অলিম্পিকসে ক্রিকেট যুক্ত হওয়া হবে দারুণ ব্যাপার।'