অশ্বিনের ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন শাস্ত্রী!

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর অনেক কিছুই বদলে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। কোচ রবি শাস্ত্রী ছাঁটাই হয়েছেন। ভারতীয় দলের কোচ এখন রাহুল দ্রাবিড়। রঙিন পোশাকেও এখন আর অধিনায়ক নন বিরাট কোহলি। যদিও এর অনেক কিছুই অনুমিত ছিল। তবে দলের এমন পরিবর্তনে সাম্প্রতিক সময়ে বেশ উত্তাল ভারতীয় ক্রিকেট অঙ্গন। এর মাঝেই নতুন বোমা ফাটিয়েছেন রবিচন্দ্রন।

অশ্বিনকে নিয়ে নানা তুচ্ছতাচ্ছিল্য করে শাস্ত্রী তার মনোবল ভেঙে দিয়েছিলেন বলেই অভিযোগ করেন অশ্বিন। ২০১৯ সালের অস্ট্রেলিয়া সফরে তাকে শুনিয়ে শুনিয়ে কুলদিপ যাদবের প্রশংসা করেন শাস্ত্রী। বিদেশের মাটিতে এ তরুণকে সেরা স্পিনার বলে আখ্যা দেন এ কোচ। অথচ সাফল্যের বিচারে অনিল কুম্বলে ও কপিল দেবের পরেই রয়েছেন অশ্বিন। সম্প্রতি ক্রিকেটভিত্তিক এক ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগই করেছেন অশ্বিন।

সিডনি টেস্টের সেই প্রসঙ্গ টেনে অশ্বিন বলেন, 'প্রথম ইনিংসে প্রথম চার উইকেটের মধ্যে আমিই তিন উইকেট নিয়েছিলাম। তাও পাটা উইকেটে। পেটে চোট নিয়ে ৫০ ওভারের বেশি বল করেছিলাম। কিন্তু ম্যাচের পরে আমাকে শুনতে হয়েছিল নাথান লায়ন ছয় উইকেট নিয়েছে। আমি তিন উইকেট নিয়েছি।'

সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে কুলদিপ পান পাঁচ উইকেট। তাতে বিদেশের মাটিতে স্পিনার হিসেবে কুলদিপই প্রথম পছন্দ হবেন বলে জানিয়ে দেন শাস্ত্রী। সেই প্রসঙ্গও টেনে আনেন অশ্বিন, 'আমাদের শেখানো হয়, সতীর্থের সাফল্যে আনন্দ করতে। কুলদিপের জন্য আমার ভালো লাগছিল। দলের জন্যও অসম্ভব ভালো লাগছিল। কারণ, এর আগে কখনো অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতিনি আমরা। কিন্তু দলের সাফল্যে আনন্দ পেতে আগে নিজেকে বোঝাতে হয় যে, আমিও দলের অংশ। যদি আমার মনে হয়, কেউ আমাকে বাস চাপা দিয়ে দিয়েছে, কী করে দলের সাফল্যে আনন্দ পাব? রবি ভাইকে আমি শ্রদ্ধা করি। সম্মান করি। কিন্তু সে দিন এই কথাটা শুনে মনে হয়েছিল, আমাকে কেউ থেঁতলে দিয়েছে।'

অথচ তিন সংস্করণেই ভারতীয় দলের নিয়মিত পারফর্মার ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু ছন্দে থাকার পরও সে অর্থে দলে জায়গা পাচ্ছিলেন না এ তারকা। সাদা পোশাকেও কিছুটা অনিয়মিত হয়ে পড়েন। আর রঙিন পোশাকে তো একেবারেই জায়গা হারান। যদিও চার বছরের বিরতির পর চলতি বছর টি-টোয়েন্টিতে জায়গা ফিরে পান তিনি। ঘরোয়া ক্রিকেটের অসাধারণ পারফরম্যান্সেই তাকে আর উপেক্ষা করে থাকতে পারেনি তারা। সে ধারায় হয়তো ফিরবেন ওয়ানডেতেও।

গুঞ্জন রয়েছে বিশ্বের অন্যতম সেরা স্পিনার এ ছন্দে থাকা সত্ত্বেও সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট থেকে একেবারে ছেঁটে ফেলার পরিকল্পনা শুরু করেছিলেন কোহলি। সে সময় মুখ বন্ধ করছিলেন শাস্ত্রী। এমনকি এই ঘটনায় মদতও ছিল। অশ্বিনের ক্ষোভে সে গুঞ্জনে নতুন ডালা পেল।