অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা
প্রথম ওয়ানডেতে অনেকটা হাতের মুঠোয় থাকা জয় শ্রীলঙ্কানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এদিনও এমন কিছুই শুরু করেছিলেন এ অস্ট্রেলিয়ান। যখন উইকেটে ছিলেন তখন মনে হয়েছিল আরও একটি জয়ের দিকেই যাচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত নাটকীয় কিছু হতে দেননি লঙ্কান বোলাররা। ম্যাক্সওয়েলকে তুলে নেওয়ার পর সুযোগ দেননি প্রতিরোধ গড়ারও। তাতে সিরিজে সমতা ফিরিয়েছে দলটি।
বৃহস্পতিবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ২৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টি নামার আগে ৪৭.৪ ওভারে ২২০ রান সংগ্রহ করে দলটি। তবে বৃষ্টি আইনে অজিদের লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২১৬ রান। জবাবে ৩৫ বল বাকি থাকতেই ১৮৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
তবে লক্ষ্য তাড়ায় শুরুটা মন্দ ছিল না অস্ট্রেলিয়ার। ৩৯ রানের ওপেনিং জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর অধিনায়কের বিদায়ের পর ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে তারা। ৫ উইকেট হারিয়ে এক পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ১৭০ রান। উইকেটে তখন সেট ব্যাটার ম্যাক্সওয়েল ও আলেক্স কেয়ারি।
কিন্তু এরপরও অসাধারণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বিশেষকরে জ্বলে ওঠেন পেসার চামিকা করুনারাত্নে। ম্যাক্সওয়েলকে ফেরান দারুণ এক বাউন্সারে। সে ওভারেই কেয়ারিকে করেন রানআউট। পরের ওভারে ফিরে মিচেল সোয়েপসনকে তো বোল্ডই করেন দেন তিনি। তার সঙ্গে জ্বলে ওঠেন দুসমান্থা চামিরাও। লেজের বাকি দুই ব্যাটার প্যাট কামিন্স ও ম্যাথিউ কুনেমানকে ফেরান তিনি।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। ৫১ বলে ৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ২৫ বলে ৫টি চারে ৩০ রান করেন ম্যাক্সওয়েল। এছাড়া স্টিভ স্মিথ ২৮ ও ট্রাভিস হেড ২৩ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে ৪৭ রানের খরচায় ৩টি উইকেট নেন চামিকা করুনারাত্নে। ২টি করে উইকেট পান চামিরা, ধনাঞ্জয়া ডি সিলভা ও দুনিথ ওয়েলালাগে।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দলীয় ৩৫ রানেই দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। এরপর ধনাঞ্জয়াকে নিয়ে দলের হাল ধরেন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে স্কোরবোর্ডে ৬১ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। উইকেটে সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি কেউ। ফলে গড়ে ওঠেনি বলার মতো তেমন কোনো জুটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন কুশল মেন্ডিস। ৩৪ রান আসে ধনাঞ্জয়ার ব্যাট থেকে। অধিনায়ক শানাকাও খেলেন ৩৪ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে ৩৫ রানের খরচায় ৪টি উইকেট পান কামিন্স। এছাড়া ২টি করে উইকেট নেন কুনেমান ও ম্যাক্সওয়েল।