অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হয়ে ইতিহাসে কামিন্স
টিম পেইন সরে দাঁড়ানোর পর থেকেই জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই গুঞ্জন সত্যি প্রমাণিত হলো। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের প্রথম ফাস্ট বোলার হিসেবে পূর্ণকালীন অধিনায়ক হলেন প্যাট কামিন্স।
শুক্রবার নতুন টেস্ট অধিনায়ক হিসেবে কামিন্সের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সংস্করণে তিনি অজিদের ৪৭তম দলনেতা। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডে নেতৃত্ব হারানো স্টিভেন স্মিথ।
চার বছর আগে এক নারী সহকর্মীকে অশ্লীল ছবি ও বার্তা পাঠানোর জেরে গত ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন পেইন। এরপর থেকে নতুন অধিনায়ক নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
কার হাতে নেতৃত্ব দেওয়া হবে তা বেছে নিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। তারা কেবল কামিন্স ও স্মিথের সাক্ষাৎকারই নেন। এই কমিটির সুপারিশ পরে অনুমোদন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
উচ্ছ্বসিত কামিন্স নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, 'গুরুত্বপূর্ণ একটি অ্যাশেজ গ্রীষ্মের আগে এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আশা করি, গত কয়েক বছরে টিম (পেইন) যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আমিও তেমনভাবে দিতে পারব।'
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, 'প্যাট (কামিন্স) খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে অসাধারণ। সে তার আচরণ ও অর্জনের জন্য মাঠ ও মাঠের বাইরে তার সতীর্থদের ও এই খেলার সবগুলো দিক থেকে ভীষণ সম্মান আদায় করে নিয়েছে।'
উল্লেখ্য, টেস্টে সবশেষ কোনো ফাস্ট বোলারের অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার ঘটনাটি ৬৫ বছর আগের। ১৯৫৬ সালে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে রে লিন্ডওয়াল একটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন।