অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলছেন না লিটন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে আগামী মাসের শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। কিন্তু ডানহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান লিটন দাস ওই সিরিজে খেলতে পারছেন না। পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন তিনি। জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যাওয়ায় অজিদের বিপক্ষে তার খেলা হচ্ছে না।
তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে বাংলাদেশ দল জিম্বাবুয়ে থেকে রওনা হবে আগামী ২৮ জুলাই। তবে পরিবারের সঙ্গে মিলিত হতে সোমবার রাতেই দেশের বিমান ধরছেন লিটন। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
লিটনের দেশে ফেরা নিয়ে এদিন মঞ্চস্থ হয় একপ্রস্থ নাটক। বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ের অভাব তৈরি করে নানা দ্বিধা-দ্বন্দ্বের। বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান প্রথমে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানান, 'পরিবারের একজন অসুস্থ সদস্যের পাশে থাকতে লিটন যত দ্রুত সম্ভব দেশে ফিরছেন।'
কিন্তু জিম্বাবুয়েতে থাকা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করা হলে আকরামের বক্তব্য উড়িয়ে দেওয়া হয়। বলা হয়, 'লিটন আজ (সোমবার) দেশে ফিরছেন না। সে দলের সঙ্গে আছে। দলের সঙ্গেই ফিরবে।'
পরবর্তীতে অবশ্য লিটনের ফেরার কথা নিশ্চিত করেন রাবীদ। তিনি জানান, 'লিটন এখনও জিম্বাবুয়েতে দলের সঙ্গে আছে। তবে রাতে সে দেশে ফিরবে।'
জানা গেছে, লিটনের শ্বশুর অসুস্থ, আক্রান্ত ডেঙ্গুতে। তাই আগেভাগে দেশে ফিরছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে চোট পান লিটন। তাই বাকি দুটিতে খেলা হয়নি তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে থাকলেও প্রথম টি-টোয়েন্টিতে তার মাঠে নামা নিয়ে সংশয় ছিল। এবার তিনি সুরক্ষা বলয়ের বাইরে বেরিয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন।
বাংলাদেশকে কঠিন কিছু শর্ত দিয়ে সফরে আসছে অস্ট্রেলিয়া। কঠোর সুরক্ষা বলয় বহাল রাখতে ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারিসহ সবাইকে অন্তত ১০ দিন আগে কোয়ারেন্টিনে প্রবেশ করতে হবে। তাই জিম্বাবুয়ে সফরে সুরক্ষা বলয়ে থাকা বাংলাদেশ দল আগামী ২৯ জুলাই দেশে ফিরেই হোটেলে আরেকটি বলয়ে ঢুকবে।
কোয়ারেন্টিনের কড়া নিয়মের কারণে তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাবা-মায়ের অসুস্থতার কারণে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফেরেন তিনি। চোটের কারণে খেলছেন না আরেক অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। বাবা মারা যাওয়ায় সম্প্রতি দেশে ফেরা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও খেলতে পারছেন না।
বেশ কয়েকজন ক্রিকেটার সুরক্ষা বলয়ের বাইরে চলে যাওয়ায় ছোট হয়ে এসেছে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড। তাই জিম্বাবুয়ে সফরে ওয়ানডে স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও রুবেল হোসেনকে আগেই রেখে দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি দলের সঙ্গে। তারা অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাক-আপ খেলোয়াড় হিসেবে সঙ্গে থাকবেন।