অস্ট্রেলিয়ার বড় পুঁজির পরও ক্যারির আক্ষেপ

স্পোর্টস ডেস্ক

ইঙ্গিতটা আগের দিনই দিয়েছিল অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজার সেঞ্চুরিতে বড় পুঁজির দিকেই এগোচ্ছিল দলটি। শেষ পর্যন্ত তাই করেছে তারা। তবে দলের বড় সংগ্রহের দিনেও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটার আলেক্স ক্যারি। নার্ভাস নাইন্টিজের স্বীকার হয়েছেন তিনি।

রোববার করাচি টেস্টের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৫০৫ রান করে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

রাওয়ালপিন্ডি টেস্টে উইকেটে বোলারদের জন্য কিছু না থাকায় সমালোচনা কম হয়নি। একটি ডিমেরিট পয়েন্টও জুটেছে। তবে দ্বিতীয় টেস্টেও সেই একই ধরণের উইকেট বানিয়েছে পাকিস্তান। তবে তার সঙ্গে নেতিবাচক বোলিংই ছিল দেখার মতো। উইকেট নেওয়ার চেয়ে রান আটকানোর বোলিং করেছেন শাহিন শাহরা।

আগের দিনের ৩ উইকেটে ২৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা অজিদের দিনের শুরুটা ছিল দারুণ। নাইটওয়াচম্যান নাথান লায়নকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন খাওয়জা। লায়নকে বোল্ড করে দিয়ে এ জুটি ভাঙেন ফাহিম আশরাফ। এরপর ট্রাভিস হেডকে নিয়ে ৪৩ রানের আরও একটি জুটি গড়েন খাওয়াজা।

অবশ্য ১৩ রানের ব্যবধানে এ দুই ব্যাটারকে তুলে পাকিস্তানকে ম্যাচে ফেরান সাজিদ খান। হেডকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে এ জুটি ভাঙার পর খাওয়াজাকে বোল্ড করে দেন এ অফস্পিনার। এরপর ক্যামেরুন গ্রিনকে নিয়ে জুটি গড়ে তোলেন ক্যারি। ষষ্ঠ উইকেটে ৪৫ রান যোগ করেন তারা। গ্রিনকে বোল্ড করে দিয়ে এ জুটি ভাঙেন নউমান আলী।

তবে সপ্তম উইকেটে মিচেল স্টার্কের দারুণ এক জুটি গড়ে পাকিস্তানিদের বড় হতাশা উপহার দেন ক্যারি। স্কোরবোর্ডে ৯৮ রান যোগ করেন এ দুই ব্যাটার। তাতে বড় পুঁজি মিলে যায় অজিদের। তবে দিনের শেষ বেলা ক্যারিকে বোল্ড করে পাক শিবিরে কিছুটা স্বস্তি এনে দেন অধিনায়ক বাবর আজম। ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ক্যারি।

আগের দিনই সেঞ্চুরি তুলে নেওয়া খাওয়াজা শেষ পর্যন্ত ১৬০ রানের ইনিংস খেলেন। ৩৬৯ বলের ইনিংসটি ১৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ১৫৯ বলে ৯৩ রানের ইনিংস খেলেন ক্যারি। ৭টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। স্টার্ক ২৮ ও অধিনায়ক প্যাট কামিন্স ০ রানে উইকেটে আছেন।

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ফাহিম ও সাজিদ।