অস্ট্রেলিয়া বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদটা সংযুক্ত আরব আমিরাতেই পায় অস্ট্রেলিয়া। সে আনন্দের রেশ না কাটতেই নিজেদের দেশে বিশ্বকাপের ভেন্যুও চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে ঠিক হয়েছে দিন-তারিখও।

অস্ট্রেলিয়ার সাতটি শহরে অনুষ্ঠিত হবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। অ্যাডিলেইড, ব্রিজবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি হবে সবগুলো ম্যাচ। ৯ ও ১০ নভেম্বর দুটি সেমি-ফাইনাল হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অ্যাডিলেইড ওভালে। আর অনুমিতভাবেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

আগামী বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। ১৩ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি। এবারের মতো আগামী বিশ্বকাপেও ম্যাচ হবে ৪৫টি। তবে আগামী জানুয়ারিতে ঘোষণা করা হবে আসরের সূচি। তখন থেকেই শুরু হবে টিকিট বিক্রি।

নিয়ম অনুযায়ী এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা সব দল আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে র‍্যাঙ্কিং অনুযায়ী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সরাসরি খেলবে সুপার টুয়েলভে।

ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ড খেলবে প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ডের বাকি চার দল নিশ্চিত হবে বাছাই পর্ব থেকে। আগামী ফেব্রুয়ারিতে ওমানে ও জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব।

অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২০ সালেই। কিন্তু করোনাভাইরাসের মহামারীর কারণে দুই বছর পিছিয়ে দেওয়া হয়। কারণ চলতি বছরের ভারতে বিশ্বকাপ হওয়ার বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। যদিও শেষ পর্যন্ত ভারতও পারেনি নিজ দেশে বিশ্বকাপ আয়োজন করতে।