আইচের সেঞ্চুরি, নাঈমুরের ৫ উইকেটে বিধ্বস্ত আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

বিপর্যস্ত শুরুতে পথ হারানো বাংলাদেশের যুবারা পড়েছিল অল্প রানে আটকে যাওয়ার শঙ্কায়। চারে নেমে দলের বিপদে ত্রাতা হন সহ-অধিনায়ক আইচ মোল্লাহ। দারুণ এক সেঞ্চুরিতে দলকে পাইয়ে দেন লড়াইয়ের পুঁজি। পরে নাঈমুর রহমানের স্পিনে বিধ্বস্ত হয়ে যায় আফগানিস্তান। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে স্বাগতিকদের ২২২ রানের জবাবে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে জিতেই সিরিজ নিশ্চিত হয়ে যায় মেহরুব হোসেনের দলের।

বাংলাদেশকে জেতাতে ব্যাট হাতে সেঞ্চুরি করে অবদান আইচের। বল হাতে ১৭ রানে ৫ উইকেট নিয়ে বড় ভূমিকা নাঈমুরের।

সকালে টস জিতে ব্যাট করতে গিয়ে ৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর মফিজুল ইসলামকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন আইচ। ৬১ রানের জুটির পর বিদায় নেন ২৭ করা মফিজুল।

আইচ এক পাশে রান বাড়াতে থাকলেও অধিনায়ক মেহরুব হোসেন, তাহজিবুল ইসলামরা থিতু হয়েও টানতে পারেননি ইনিংস। তবু ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে বাংলাদেশের ইনিংস। ছয়ে নামা আব্দুল্লাহ আল মামুন অবশ্য শেষের দিকে খেলেছেন জুতসই। তাকে পাশে নিয়েই সেঞ্চুরি তুলেন আইচ। ১৩০ বলে ৮ চার, চার ছক্কায় ১০৮ রানে আইচ থামেন ৪৯তম ওভারে। মামুন অপরাজিত ৩২ করে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি।

ভঙ্গুর ব্যাটিং নিয়ে ২২৩ তাড়া করতে যাওয়া আফগরা বাংলাদেশের বোলিংয়ে একদমই তাল পায়নি। দুই ওপেনের মন্থর শুরুর পর আরিফুল ইসলামের স্পিনে খালিদ হাসানের দারুণ ক্যাচে আসে প্রথম উইকেট। ৩৯ বলে ৯ করে ফেরেন শাবনুম বিনুরি।

খানিকপর আরেক ওপেনার সুলেমান সাফিকেও তুলে নেন আরিফুল। আফগানদের মিডল অর্ডারে বিল্লাল সায়ীদি- ইজাজ আহমেদরা থিতু হয়েছিলেন। কিন্তু রান তাড়ায় তাদের অ্যাপ্রোচ ছিল বেশ নেতিবাচক। কোনভাবেই ম্যাচ জেতার মতো ইতিবাচক আভাস দিতে পারছিলেন না। বিল্লাল ২২, ইজাজ করেন ২১, জাহিউদ্দিন সালিমি থামেন ১৩ রানে। এদের সবাইকেই ছাঁটেন বাঁহাতি স্পিনার নাঈমুর রহমান। ধুঁকে ধুঁকে তিন অঙ্ক ছাড়িয়েই থামে আফগানদের দৌড়।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২২২/৬  (প্রান্তিক ১, মফিজুল ২৭, খালিদ ০, আইচ ১০৮, মেহরুব ৭, তাহজিবুল ১৮, মামুন ৩২* , আরিফুল ৪* ; জাদরান ১/৪৮, আহমেদজাই ৩/৩৯, হাসানি ০/৫১, ইজাজ ০/৪, ইজহারুল ১/২৫, কামরান ০/৩১, ইজাজ আহমেদ ১/১৫)

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল:  ৩৯.৪ ওভারে ১০১ (বানুরি ৯, সাফি ১৮, বিলাল ২২,  ইজাজ ২১, সালিমি ১৩, আহমেদজাই ২, কামরান ৫, ফাইসাল ০, ইজহারুল ১, হাসানি ৪, জাদরান ১*  ; তারেক  ০/১১, রিপন ৩/১৭, মেহরুব ০/১৬, আরিফুল ২/২৩ , মামুন ০/১৪,  নাঈমুর ৫/১৭  )

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১২১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: আইচ মোল্লাহ।

সিরিজ: ৫ ম্যাচ সিরিজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩- ০ ব্যবধানে এগিয়ে।