আইপিএলের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

আইপিএলের আগামী আসরের মেগা নিলামে নাম লিখিয়েছেন ৯ বাংলাদেশি ক্রিকেটার। এরমধ্যে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান নিজেদের সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যর ক্যাটাগরিতে রেখেছেন।

বেঙ্গালুরুতে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে আইপিএলের নিলাম। এবার আইপিএলে অংশ নিতে যাচ্ছে ১০টি দল। এই নিলামে নিজেদের রেখেছেন সারা বিশ্বের ১ হাজার ২১৪ জন ক্রিকেটার। এরমধ্যে ভারতীয় আছেন ৮৯৬ জন, ১৮ দেশের বিদেশি আছেন ৩১৮ জন।

নিলামে নাম পাঠিয়েছেন ভুটান, নামিবিয়া, যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররাও। সহযোগী সদস্য দেশ হলেও নেপালের ১৫ জন ক্রিকেটার আইপিএলের নিলামে নিজেদের নাম পাঠিয়েছেন। সর্বোচ্চ ৫৯ জন আছেন অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকার ৪৮ জন, ওয়েস্ট ইন্ডিজের আছেন ৪১ জন ক্রিকেটার। তবে এই তালিকা চূড়ান্ত নয়। সংক্ষিপ্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে নিলামের দুদিন আগে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে নিয়মিত সাকিব ও মোস্তাফিজ। সর্বশেষ আসরে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ১ কোটি রুপিতে রাজস্তান রয়্যালস ১ কোটি রুপিতে দল পান মোস্তাফিজ। এবারও বাংলাদেশ থেকে দল পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন তারাই।

২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে সাকিব-মোস্তাফিজের সঙ্গে বিদেশি কোটায় আছেন মুজিব উর রহমান, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, জশ হেজেলউড, ডেভিড ওয়ার্নার, আদিল রশিদ, জেসন রয়, অ্যাডাম জ্যাম্পা, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কু্ইন্টন ডি কক, ফাফ দু প্লেসি, কাগিসো রাবাদা, ডোয়াইন ব্রাভো ও এভিন লুইসের মতো ক্রিকেটাররা।।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের  ক্যাটাগরিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আছেন রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চেহেল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, সুরেশ রায়না, উমেশ যাদব ও মোহাম্মদ শামিরা।