আইপিএলে সাকিবের সর্বকালের সেরা একাদশে নেই গেইল, ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ তৈরি করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই শীর্ষ ক্রিকেটারের একাদশে চমক হিসেবে জায়গা হয়নি ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্সের মতো তারকাদের। এমনকি নিজেকেও বিবেচনায় নেননি সাকিব।

ভারতীয় গণমাধ্যম স্পোর্টসকিডার সঙ্গে আড্ডায় নিজের পছন্দের একাদশ বেছে নেন টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার। ২০০৮ থেকে শুরু হয়ে আইপিএলের চলছে ১৪তম আসর। খেলেছেন অনেক ক্রিকেটার। সাফল্যের বিচারেও তুমুল লড়াই অনেকের। সেখান থেকে সেরা এগারোজন বেছে নেওয়া সহজ নয়। তবে সাকিব কাজটা করলেন ঝটপট।

ওপেনার হিসেবে সাকিব নিয়েছেন রোহিত শর্মা আর ডেভিড ওয়ার্নারকে। দুজনেরই অবশ্য আইপিএল রেকর্ড তাক লাগানো। তিন নম্বরে সাকিবের পছন্দ বিরাট কোহলি। এরপর চেন্নাই সুপার কিংসের অনেক সাফল্যের নায়ক সুরেশ রায়নাকে নিয়েছেন সাকিব।

কোহলি দলে থাকলেও অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকেই পছন্দ সাকিবের। কিপার-ব্যাটসম্যান হিসেবে পাঁচ নম্বরেই জায়গা তার।

এরপরের জায়গাটি বেশ চমকের। টপ অর্ডার ব্যাটসম্যান হলেও লোকেশ রাহুলকে ছয় নম্বরে রেখেছেন সাকিব। জায়গা দেননি ভিলিয়ার্সকে।

সাকিব অলরাউন্ডার নিয়েছেন দুজন। পেস অলরাউন্ডার হিসেবে ইংল্যান্ডের বেন স্টোকস। আর স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই জায়গায় নিজেকে বিবেচনায় আনেননি তিনি।

মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্যের দুই কারিগর জাসপ্রিট বুমরাহ আর লাসিথ মালিঙ্গার সঙ্গে একাদশে জায়গা মিলেছে সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমারেরও

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে এই মুহূর্তে সাকিব আছেন দুবাইতে। হোটেলরুমে ছয় দিনের কোয়ারেন্টিনে বিশ্রামে সময় কাটছে তার। ২০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে তার দল মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

সাকিবের চোখে আইপিএলের সর্বকালের সেরা একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক ও কিপার), লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিট বুমরাহ, ভুবনেশ্বর কুমার।