আইপিএল খেলতে দুবাই গেলেন সাকিব, মোস্তাফিজের অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের বাকি অংশ খেলতে দুবাই গেছেন সাকিব আল হাসান। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে যাওয়ার কথা মোস্তাফিজুর রহমানেরও। তবে ভিসা জটিলতায় তার যাত্রা একটু বিলম্ব হচ্ছে।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় দুবাইয়ের ফ্লাইট ধরেন সাকিব। সেখানে পৌঁছে ছয়দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশের তারকাকে।

সাকিবের সঙ্গেই আইপিএল খেলতে দুবাই যাওয়ার কথা ছিল মোস্তাফিজের। তবে রোববার পর্যন্ত তিনি ভিসা হাতে পাননি। ভিসা পাওয়া মাত্র সোমবারই এই পেসার রওয়ানা হবেন।

আইপিএলের এই আসর শুরু হয়েছিল  গত এপ্রিলে। কিন্তু ভারতে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ৪ মে স্থগিত করে দেওয়া হয় তা। কয়েক মাস পিছিয়ে বিকল্প ভেন্যু ঠিক করা হয় সংযুক্ত আরব আমিরাত।

মধ্যপ্রাচ্যের এই দেশের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহতে ১৯ সেপ্টেম্বর থেকে চলবে আইপিএলের অসমাপ্ত অংশ। আইপিএলের পর এই ভেন্যুগুলোতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ।

২০ সেপ্টেম্বর আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের আগেই কোয়ারেন্টিন শেষ হয়ে যাবে সাকিবের।

তবে স্থগিত হওয়ার আগে সাকিবের পারফরম্যান্স ছিল বিবর্ণ। তিন ম্যাচে একাদশে সুযোগ পেয়ে করেন ৩৮ রান, খরুচে বল করে নেন কেবল ২ উইকেট। এরপর আর একাদশে জায়গা মেলেনি তার। এবার জায়গা পাবেন কিনা তা নিয়েও সংশয় থাকছে।

২১ সেপ্টেম্বর দুবাইতে পাঞ্জাব কিংসের বিপক্ষে নামবে মোস্তাফিজের রাজস্থান। এই দলটির হয়ে এবার তিনি সবগুলো ম্যাচেই একাদশে ছিলেন। সাত ম্যাচ খেলে  ওভার প্রতি ৮.২৯ করে রান দিয়ে ৮ উইকেট নেয়া মোস্তাফিজ রাজস্থানের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। তবে প্রথম ম্যাচের একাদশে থাকতে হলে মঙ্গলবারের আগেই তার দুবাই পৌঁছাতে হবে।

আইপিএল খেলে আর দেশে ফেরা হচ্ছে না এই দুই ক্রিকেটারের। দুবাই থেকেই ৩ অক্টোবর ওমানে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন তারা। ১৭ অক্টোবর ওমানে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ।