আইপিএল খেলতে সাকিব-মোস্তাফিজের আবেদন, ইতিবাচক বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

মোস্তাফিজুর রহমান আগেই আবেদন করেছিলেন, যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে শনিবার আইপিএল খেলার অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেন সাকিব আল হাসানও। সেপ্টেম্বরের ওই সময়টায় বাংলাদেশের খেলা না থাকায় বিসিবিরও কোন সমস্যা নেই। আনুষ্ঠানিকতা সেরে অনুমিতভাবেই আইপিএল খেলতে যাবেন তারা।

গত এপ্রিলে শুরু হওয়া আইপিএল ভারতে করোনাভাইরাস পরিস্থিতির কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। ভেন্যু বদলে ১৯ সেপ্টেম্বর থেকে অসমাপ্ত বাকি খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যুতে। দুবাই, আবুধাবি, শারজাহতে আইপিএলের কয়েকদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

রোববার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমে জানান, এই দুজনের আবেদন বুঝে পেয়েছেন তারা, 'মোস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগেই আবেদন করেছে এবং সাকিব গতকাল আবেদন করেছে এনওসির জন্য। আমরা ১ তারিখ ওই সিদ্ধান্ত নিব।'

১ তারিখ মূলত ইতিবাচক সিদ্ধান্তই দেওয়া হবে। এবার আইপিএলের সময়টায় বাংলাদেশের খেলাও নেই। এবং বিশ্বকাপ ভেন্যু আইপিএল হওয়ায় দুজনের প্রস্তুতিরও বড় সুযোগ দেখছেন আকরাম, 'এটা তো আমাদের জন্য অনেক ভাল একটু সুযোগ যে আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো একটু টুর্নামেন্টে খেলবে, যার স্ট্যান্ডার্ড অনেক উঁচু মানের। তো সেখানে যদি ভাল পারফর্ম করে, ওই কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলবো, ওখানে দলের জন্য খুব উপকার হবে। বোর্ড ওদের এনওসির ব্যাপারে ইতিবাচক আছে।'