আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দাপটে বিপদজনক পরিস্থিতি দেখছেন গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক

নিজেদের দেশে অবস্থান পোক্ত করে দুনিয়া জুড়ে সাম্রাজ্য বিস্তার করার পথে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশ্বের বিভিন্ন লিগে দলের মালিকানা কিনছে তারা। তাদের এই আধিপত্যে বিপদজনক পরিস্থিতি দেখছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।

অস্ট্রেলিয়ার জন্য বিপদের কারণ তৈরি হচ্ছে মূলত ডেভিড ওয়ার্নারের এক সিদ্ধান্তে। দেশটির গণমাধ্যমের খবর আসছে জানুয়ারিতে বিগ ব্যাশ লিগ (বিবিএল) বাদ দিয়ে একই সময়ে সংযুক্ত আমিরাতে নতুন টি-টোয়েন্টি লিগ খেলবেন তিনি। কারণ আইপিএলে তিনি যে দলে খেলেন তারাই দল কিনছে আমিরাতের লিগে।

এই প্রেক্ষিতেই বিগ ব্যাশের বাণিজ্যিক ক্ষতির শঙ্কায় সরব হয়েছেন গিলক্রিস্ট। এসইএন রেডিওতে ওয়ার্নারের সিদ্ধান্তে ভয়ের কারণ খুঁজে পাচ্ছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার  চুক্তিবদ্ধ খেলোয়াড় হলেও বিগ ব্যাশের কোন দলের সঙ্গে এখন চুক্তি নেই ওয়ার্নারের। এই সুযোগটাই নিতে যাচ্ছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ জানুয়ারি তিন টেস্টের সিরিজ শেষে তিন সপ্তাহের ফাঁকা সময় পাচ্ছেন ওয়ার্নার। এই সময়টাতেই তিনি যাবেন আমিরাতের লিগে। সেখানে দিল্লি ক্যাপিটালসের মালিক জিএমআর গ্রুপের একটি দল থাকছে।

আমিরাতের লিগে দল কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মালিকপক্ষও। দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগের ছয় দলেরই মালিকানায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির দল আছে ক্যারিবিয়ান  প্রিমিয়ার লিগেও।

বিগ ব্যাশের সময় আমিরাতের লিগ বাগড়া দেওয়ার প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বড় ধরণের বিপদ দেখছেন গিলক্রিস্ট,  'আমার মনে হয় তার (ওয়ার্নার) মাপের একজন খেলোয়াড়কে নিজেদের প্রতিযোগিতার বিপক্ষে যেতে অনুমতি দেওয়া হবে  বাণিজ্যিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত।'

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী ওয়ার্নারকে জোর করে আটকানোরও উপায় নেই। কিন্তু এই পথ যদি অন্য ক্রিকেটাররাও বেছে নেন তাহলে আর্থিকভাবে সংকটের সম্ভাবনা দেখছেন এই ক্রিকেটার,  'আমি বুঝি তারা ওয়ার্নারকে বিগ ব্যাশ খেলতে বাধ্য করতে পারবে না। কিন্তু তাকে বা অন্য কোন খেলোয়াড়কে এভাবে ছাড়া…শুধু ওয়ার্নার নয় এখানে আরও খেলোয়াড়ের ইস্যু আসবে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো দুনিয়া জুড়ে যে দাপট তৈরি করেছে, এটা তারই অংশ।'

'তাদের (আইপিএল) একচেটিয়া আধিপত্য চরম বিপদজনক হয়ে যাচ্ছে। তারা খেলোয়াড়দের ও এবং তাদের মেধার মালিকানাও পেয়ে যাচ্ছে, তারাই সব নিয়ন্ত্রণ করে দিচ্ছে যে কোথায় খেলতে হবে, কোথায় হবে না।'

ওয়ার্নার নিজে চাইলে দেশের লিগও বাছতে পারেন, তিনি তা না করলেও তাতে তার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি নিবেদনের ঘাটতি দেখেন না গিলি, 'ওয়ার্নারের যদি পরে বলে, 'দুঃখিত অস্ট্রেলিয়ান ক্রিকেট, আমি ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বিভিন্ন টুর্নামেন্ট খেলতে যাচ্ছি।' তাহলে তাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, কারণ এটা তার অধিকার। বাজারে দাম পেতে যেটা দরকার সেটাই সে করতে পারে। তবে তরুণ খেলোয়াড়রা তাকে অনুসরণ করলে সেটা হবে চ্যালেঞ্জিং।'