আইসিসির নতুন চক্রে টেস্ট, ওয়ানডেতে ঠাসা বাংলাদেশের সূচি

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির ভবিষ্যৎ সূচির পরিকল্পনায় ২০২৩-২০২৭ চক্রে প্রচুর ম্যাচ পেতে যাচ্ছে বাংলাদেশ। এই চার বছরে চতুর্থ সর্বোচ্চ টেস্ট, ওয়ানডে খেলবে সর্বোচ্চ। সব মিলিয়ে বাংলাদেশ খেলবে ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ। যা সবগুলো দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

চার বছরের মধ্যে বাংলাদেশের টেস্ট ম্যাচ রাখা হয়েছে ৩৪টি। যা ইংল্যান্ড (৪২), অস্ট্রেলিয়া (৪১) ও ভারতের (৩৮) ঠিক পরে। ওয়ানডেতে আবার বাংলাদেশই খেলবে সর্বোচ্চ ৫৯ ম্যাচ। পঞ্চাশের বেশি ম্যাচ খেলবে আর কেবল শ্রীলঙ্কা (৫৮)।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো পর্যালোচনা করে দেখেছে,  টেস্ট ও ওয়ানডের বাইরে বাংলাদেশ পাচ্ছে ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের (১৪৬ টি) আন্তর্জাতিক ম্যাচের পরেই থাকছে বাংলাদেশ। তবে ভবিষ্যৎ সফর সূচির অদল-বদল হতে পারে।

এই সময়ে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি করে টেস্ট সিরিজ পাবে বাংলাদেশ। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজগুলোর বিস্তারিত জানা যায়নি।

এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দ্য ডেইলি স্টারকে বলেন,  'আমরা গত ৮-১০ বছর ধরেই ম্যাচ বাড়ানোর চেষ্টা করছিলাম। গত চক্রে সেটার প্রতিবিম্ব দেখতে পেয়েছি। আগামী চক্রে সেটা আরও ভালোভাবে দেখা যাবে বলে আশা করছি।'

বিপুল পরিমাণ আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও থাকবে প্রচুর ব্যস্ততা। আগামী তিন  বছরের জন্য বিপিএলের তারিখও ঠিক করে ফেলেছে বিসিবি।