আগামীকাল ঢাকায় পা রাখবে পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক

আরব-আমিরাতে উড়ন্ত সূচনার পর হতাশাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে পাকিস্তানের। তবে সেখান থেকে নিজ দেশে না ফিরে আগামীকাল শনিবারই সরাসরি বাংলাদেশে আসছে দলটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পা রাখবে পাকিস্তান। তবে এখনই পূর্ণ দল নিয়ে আসছে না তারা। অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন বলে সংবাদ প্রকাশ পেয়েছে পাকিস্তানি গণমাধ্যমে। 

বাংলাদেশে অবশ্য পাকিস্তানের আশা কথা ছিল ১৬ নভেম্বর। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় আগেভাগেই ঢাকায় আসছে দলটি। সে সূচি অনুযায়ীই ঢাকায় আসবেন বাবর ও শোয়েব।

আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ সিরিজ। এরপর ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

এরপর ২৬ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদে হবে প্রথম টেস্ট। এরপর মিরপুর শেরে বাংলায় ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।