আগামী তিন বছরের বিপিএলের তারিখ চূড়ান্ত করল বিসিবি
দেশের একমাত্র ফ্রেঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলেও বিপিএলের জন্য নির্দিষ্ট কোন সময় বরাদ্দ করতে পারে না বিসিবি। একেক বছর এই আসর বসে একে সময়ে। এবার সেই ধারা থেকে বেরিয়ে আসার প্রত্যয় জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী তিন বছরের জন্য বিপিএলের তারিখ চূড়ান্ত করার কথা জানালেন তিনি।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ঘোষণা করেন সামনের তিন বিপিএলের তারিখ, 'আগামী তিন বিপিএলের তারিখ আমরা চূড়ান্ত করেছি। এটা নিয়ে বারবার যাতে সমস্যা না হয়। এবার আমরা বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেব তিন বছরের জন্য। যেহেতু তিন বছরের জন্য দল দেব, তাই তারিখও তিন বছরের ঠিক করা হয়েছে, যাতে দলগুলি আগে থেকেই প্রস্তুতি সব নিতে পারে।'
'আগামী বছরের বিপিএল হবে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ সালে হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের আসর হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।'
বোর্ড সভাপতি জানালেন, ৭ দলের আসর ধরেই তিন বছরের তারিখ ঠিক করেছেন তারা। এখন পর্যন্ত বিপিএলের ৮টি আসর হয়েছে। তবে কোনবারই তারিখ ঠিক ছিল না। বিশ্বের অন্যান্য ফ্রেঞ্চাইজি আসরগুলোর সময়ের সঙ্গেও সাংঘর্ষিক হয়েছে বিপিএলের আসর।
এবার বছরের নির্দিষ্ট তারিখে বিসিবি বিপিএল নিয়মিত করতে পারে কিনা তা দেখার বিষয়।