আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হলো পাকিস্তানের হাসনাইনের

প্রশ্নবিদ্ধ ছিল পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন। তাই লাহোরে আইসিসি স্বীকৃত পরীক্ষাগারে তাকে দিতে হয় পরীক্ষা। কিন্তু সেখানে দেখা যায়, নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি কনুই বাঁকে তার। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করা হয়েছে ২১ বছর বয়সী এই গতি তারকার। পাশাপাশি, চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশেও বোলিংয়ের অনুমতি দেওয়া হয়নি তাকে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুসারে, পিসিবি চাইলে ঘরোয়া প্রতিযোগিতাগুলোতে হাসনাইনকে বোলিংয়ের অনুমতি দিতে পারে। কিন্তু সেটা না করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি বলেছে, 'মোহাম্মদ হাসনাইন পাকিস্তানের জন্য একটি সম্পদ এবং ধারাবাহিকভাবে ১৪৫ কিলোমিটার গতি স্পর্শ করা গুটিকয়েক বোলারদের একজন। সেকারণে, তার ভবিষ্যৎ এবং পাকিস্তানের স্বার্থকে সামনে রেখে, ২০২২ পিএসএলের কারিগরি কমিটির সুপারিশে, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে তাকে পাকিস্তান সুপার লিগে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।'

গত মাসে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সময় হাসনাইনের বোলিং অ্যাকশনে তরুটি ধরা পড়ে। সিডনি থান্ডার্সের এই পেসারের বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। অস্ট্রেলিয়াতেই তার পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পিএসএলে খেলার জন্য পাকিস্তানে ফিরতে হয় তাকে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে হাসনাইনের পরীক্ষা হবে লাহোরে।

নিয়ম অনুসারে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রথম তিন ম্যাচে অংশ নেন হাসনাইন। কিন্তু বৃহস্পতিবার করাচিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তাকে খেলায়নি দলটি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, পরীক্ষায় হাসনাইনের অধিকাংশ ডেলিভারি অবৈধ প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই বাঁকানোর নিয়ম থাকলেও তার ক্ষেত্রে সেটা দেখা গেছে ১৭ থেকে ২৪ ডিগ্রি পর্যন্ত। ১১টি ডেলিভারির দশটিতেই এই ঘটনা ঘটেছে।

হাসনাইনের অ্যাকশনের তরুটি দূর করতে তাকে সহায়তা করার কথা জানিয়েছে পিসিবি, 'তিনি এই (ফাঁকা) সময়ে পিসিবি নিযুক্ত বোলিং পরামর্শদাতার সঙ্গে তার অ্যাকশন পরিবর্তনের জন্য কাজ করবেন, যাতে তিনি পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার যোগ্য হতে পারেন। অবৈধ বোলিং অ্যাকশনের অনুযায়ী নিয়ম অনুযায়ী, মোহাম্মদ হাসনাইন তার পুনর্মূল্যায়নে ত্রুটিমুক্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ থাকবেন।'

গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে পরিচিতি লাভ করা হাসনাইনের পাকিস্তানের জার্সিতে সাদা বলের দুই সংস্করণে খেলার অভিজ্ঞতা হয়েছে। ৮ ওয়ানডেতে ৩৭.৯১ গড়ে তার শিকার ১২ উইকেট। ১৮ টি-টোয়েন্টিতে ৩০.৭০ গড়ে তিনি নিয়েছেন ১৭ উইকেট।