আবাহনীকে হারিয়ে শেখ জামালকে শীর্ষে তুললেন রসুল
আগের ম্যাচেই দারুণ অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুঠোয় থাকা জয় ছিনিয়ে এনেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পারভেজ রসুল। এদিনও আবার বল হাতে দ্যুতি ছড়ালেন এ ভারতীয় অফস্পিনার। তার বোলিং ঘূর্ণিতে এবার কুপোকাত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তাতে এককভাবে শীর্ষে উঠেছে শেখ জামাল।
শুক্রবার সাভারের বিকেএসপিতে আবাহনী লিমিটেডকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় আবাহনী। জবাবে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় শেখ জামাল।
৮ ম্যাচ খেলে এটা শেখ জামালের সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে দলটি। দিনের অপর ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে জিতলে শীর্ষে ফের উঠে যেতে পারতো প্রাইম ব্যাংক। তবে তাদের হারের শীর্ষেই রইল শেখ জামাল। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে আবাহনী।
আবাহনীর বিপক্ষে এদিন নিজের লিস্ট-এ ক্যারিয়ারের সেরা বোলিংটাই করেছেন রসুল। তুলে নিয়েছেন ফাইফার। লিস্ট-এ ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় ফাইফার। আবাহনীর ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়ে ২৯ রানের খরচায় পেয়েছেন ৫ উইকেট।
বল যাতে শুরুতেই রুদ্ররূপ ধারণ করেন রসুল। আবাহনীর টপ অর্ডার ধসিয়ে দেন একাই। মুনিম শাহরিয়ার, মোহাম্মদ নাঈম শেখ ও হনুমা বিহারিকে ফেরান। এরপর আফিফ হোসেনকে সাজঘরে পাঠিয়ে মিডল অর্ডার ধসাতেও সহায়তা করেন। আর আরাফাত সানিকে তুলে পূরণ করেন নিজের ফাইফার।
তবে এক প্রান্ত ধরে রেখে কিছুটা দায়িত্ব নিতে ব্যাট করেছেন শামিম হোসেন পাটোয়ারি। ৭২ বলে ৮টি চারের সাহায্যে খেলেন ৫১ রানের ইনিংস। তাতেই লড়াইয়ের পুঁজি পায় আবাহনী। এছাড়া জাকের আলী ৩২ ও মুনিম ২৫ রান করেন।
লক্ষ্য তাড়ায় রবিউল ইসলাম রবির অপরাজিত ৫৭ রানে ভর করে সহজেই জয় পায় শেখ জামাল। তবে এ ব্যাটার ছাড়া বাকি ব্যাটাররা উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি কেউ। সৈকত আলী ১৯, সাইফ হাসান ২৪, ইমরুল কায়েস ২৬, জহুরুল ইসলাম ২১, পারভেজ রসুল ১০ রান করেন। তাইবুর রহমান অপরাজিত থাকেন ২০ রানে।