আমি ফিক্সারদের বিরুদ্ধে ছিলাম এবং এখনও আছি: হাফিজ
বিদায়বেলায় আরও একবার মোহাম্মদ হাফিজ শোনালেন ক্রিকেটে ফিক্সিং ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কথা। পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার জানালেন, তিনি আগেও ফিক্সিংয়ের বিরুদ্ধে ছিলেন এবং এখনও আছেন।
আগের দিন সোমবার লাহোরে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন হাফিজ। সেখানে নানা বিষয়ে আলাপের মাঝে উঠে আসে ছয় বছর আগের এক ঘটনাও। হাফিজ যেটাকে পাকিস্তানের জার্সিতে তার ১৮ বছরের ক্যারিয়ারের সবচেয়ে হতাশা ও কষ্টের ব্যাপার মনে করেন।
২০১৫ সালে নিউজিল্যান্ড সফরের আগে পাকিস্তানের ট্রেনিং ক্যাম্পে ডাকা হয়েছিল স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আমিরকে। সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তখন ক্যাম্প থেকে সরে গিয়েছিলেন হাফিজ ও পাকিস্তানের তৎকালীন ওয়ানডে অধিনায়ক আজহার আলি। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল ক্রিকেটবিশ্বে। তবে পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তৎকালীন প্রধান শাহরিয়ার খান হাফিজ ও আজহারের সঙ্গে দেখা করে তাদেরকে ক্যাম্পে যোগ দিতে বাধ্য করেছিলেন।
হাফিজকে এখনও আহত করে ওই ঘটনা, 'আমার কাছে, আমার ক্যারিয়ারের সবচেয়ে হতাশার ও কষ্টের ব্যাপার ছিল, যখন আমি ও আজহার আলি এই ইস্যুতে নীতিগত অবস্থান নিয়েছিলাম, কিন্তু (তৎকালীন) বোর্ড চেয়ারম্যান আমাদেরকে বলেছিলেন, যদি আমরা খেলতে না চাই, সমস্যা নেই, কিন্তু সংশ্লিষ্ট ওই খেলোয়াড় খেলবে।'
ফিক্সিং ও ফিক্সারদের বিরুদ্ধে নিজের অবস্থান আবারও পরিষ্কার করেন তিনি, 'আমি ফিক্সারদের বিরুদ্ধে ছিলাম এবং এখনও আছি। আমি কখনোই চাইনি, ফিক্সারদের দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হোক। তৎকালীন পিসিবি চেয়ারম্যান আমাকে বলেছিলেন নিজের চরকায় তেল দিতে এবং যা-ই হোক না কেন, ওই ফিক্সারদের দ্বিতীয় সুযোগ দেওয়া হবে। কথাগুলো শোনার পর আমি ভেঙে পড়েছিলাম।'