আর্চারের কনুইতে ফের অস্ত্রোপচার, মাঠে ফেরার অপেক্ষা বাড়ল

স্পোর্টস ডেস্ক

জোফরা আর্চারের ডান কনুইতে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়েছে। ফলে মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ল ইংল্যান্ডের এই তারকা পেসারের। দলটির বাকি শীতকালীন মৌসুমে তাকে পাওয়া যাবে না।

মঙ্গলবার এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। গত ১১ ডিসেম্বর লন্ডনে আর্চারের কনুইতে ফের অস্ত্রোপচার করা হয়। এর আগে চলতি বছরের মে মাসে প্রথম দফায় চিকিৎসকদের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছিল তাকে।

ইসিবি বলেছে, 'ক্রিকেটে প্রত্যাবর্তনের বিষয়টি সময়মতো নির্ধারিত হবে, তবে ইংল্যান্ডের বাকি শীতকালীন সিরিজে জোফরাকে (আর্চার) পাওয়া যাবে না।'

২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে আর্চারের কনুইয়ের চোট প্রথম দেখা দেয়। এতে কেপটাউন টেস্ট থেকে সরে যেতে হয় এই গতিময় পেসারকে। চলতি বছরের শুরুর দিকে ভারত সফরেও ভুগতে হয় তাকে। মাঝপথে ইংল্যান্ডে ফিরে যান তিনি। এরপর আর ইংলিশদের হয়ে মাঠে নামা হয়নি তার।

চোটের কারণে এই বছরের আইপিএলে খেলা হয়নি ২৬ বছর বয়সী আর্চারের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দর্শক হয়ে থাকতে হয় তাকে। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মাটিতে চলমান অ্যাশেজেও খেলতে পারছেন না তিনি।

মাঠে ফেরার অপেক্ষা বাড়ায় আগামী আইপিএলে আর্চারের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। তাছাড়া, ২০২২ সালের আসরের জন্য ধরে রাখা খেলোয়াড়দের যে তালিকা ঘোষণা করেছে রাজস্থান রয়্যালস, সেখানে নেই তার নাম।

শীতকালীন মৌসুম শেষ হয়ে যাওয়ায় আর্চারের চোখ থাকবে আগামী গ্রীষ্মে মাঠে ফেরার দিকে। জুন মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ দিয়ে ২০২২ সালের গ্রীষ্মকালীন মৌসুম শুরু করবে ইংল্যান্ড। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।