আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরলেন মোস্তাফিজ, আজও নেই মাহমুদউল্লাহ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আইপিএল থেকে ফেরার পর এ ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন দলের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে পিঠের ব্যথার কারণে এ ম্যাচেও নেই নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ। দলকে যথারীতি নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির টলারেন্স ওভালে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টস হেরে প্রথমে বোলিং করছে টাইগাররা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বেলা ১২টায়।
মাহমুদউল্লাহর মতো এ ম্যাচে বিশ্রামে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে থাকায় এখনও দলে যুক্ত হননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
প্রথম প্রস্তুতি ম্যাচের আগেই আইপিএল থেকে ফিরে এসেছিলেন মোস্তাফিজ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি তিনি। এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে রাখা হয়েছে তাকে। পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন কাটার মাস্টার।
প্রস্তুতি ম্যাচ শেষে আগামীকাল ওমানে ফিরবে দল। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নেবে টাইগাররা। 'বি' গ্রুপে তাদের প্রতিপক্ষরা হলো স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমান।
বাংলাদেশ একাদশ:
নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহাদি হাসান, শামিম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।