ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগে ধাক্কা খেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

নটিংহ্যামে দ্বিতীয় টেস্টে অধিনায়ক কেইন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়ে ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

উইলিয়ামসন ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে হামিশ রাদারফোর্ডকে দলে নিয়েছে কিউইরা। কোভিড আক্রান্ত কিউই অধিনায়ক ইংল্যান্ডের করোনাবিধি অনুযায়ী ৫ দিনের আইসোলেশনে থাকবেন। এরপর ফের পরীক্ষায় নেগেটিভ হলে যোগ দেবেন তিনি।

কিউই কোচ গ্যারি স্টেড এই খবর দিয়ে নিজেদের হতাশা জানিয়েছেন, 'গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেইনকে সরে যেতে হওয়া খুবই হতাশার। আমরা এই সময়ে তাকে অনুভব করছি। সেও নিশ্চিতভাবে খুব হতাশ।'

বিকল্প হিসেবে দলে আসা হামিশ লেস্টারশায়ারের হয়ে খেলতে ইংল্যান্ডেই ছিলেন। ৩৩ পেরুনো হামিশ নিউজিল্যান্ডের হয়ে এর আগে ১৬টি টেস্ট খেলেছেন। তাকে দিয়ে তাই আপাতত কাজ চালানোর আশা সফরকারীদের।

লর্ডসে প্রথম টেস্টে রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় ইংল্যান্ড। শুক্রবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। দুদলের শেষ টেস্ট হবে লিডসে।