ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান পেলেন সুপ্তা

স্পোর্টস ডেস্ক

মূল বিশ্বকাপে নামার আগে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। তবে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে বড় সংগ্রহ করে অনায়াস জয় পেয়েছে ইংল্যান্ড।

সোমবার লিঙ্কনে আগে ব্যাট করে ৩১০ রান করে ইংল্যান্ড। জবাবে সুপ্তার ৮১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ করতে পারে ২০১ রান। ম্যাচ হারে ১০৯ রানের ব্যবধানে।

ইংল্যান্ডের দেওয়া ৩১১ রানের লক্ষ্য মেয়েদের ক্রিকেটের বাস্তবতায় পাহাড়সম। সেই রান টপকে জেতা হতো ভীষণ কঠিন। তবে এই ম্যাচ থেকে কিছুটা আত্মবিশ্বাস যোগাড় করাই ছিল বাংলাদেশের আসল উদ্দেশ। সুপ্তার ব্যাটে সেই কাজটা কিছুটা হয়েছে।

৩১১ রান তাড়ায় নেমে শুরুতেই মুরশিদা খাতুনকে হারায় বাংলাদেশ। এরপর শারমিন সুলতানার সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন সুপ্তা। ৩৪ বলে ৩৩ করে শারমিন ফিরে যাওয়ার পর দ্রুত ফেরেন ফারজানা হক পিংকি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বেশিক্ষণ টেকেননি। রুমানা আহমেদ, সোবহানা মোস্তারিরা থিতু হয়ে ফিরে যান।

এক পাশে টিকে থেকে রান বাড়ান সুপ্তা। উইকেট পড়ায় নিজেকে গুটিয়ে টিকে থাকার দিকে মন দিলে মন্থর হয় রানের চাকা। শেষ দিকে তাকে সঙ্গে দেন রিতু মনি।

নবম ব্যাটার হিসেবে সুপ্তা ফেরেন রান আউটে কাটা পড়ে। ১৩৫ বলের ইনিংসে তিনি মেরেছেন ৪ বাউন্ডারি।

এর আগে ইংল্যান্ডের বড় রানের ভিত তৈরি হয় লাউরেন উইন্ডফিল্ড হিল ও নাটালি স্কিবারের ব্যাটে। ওপেনার হিল ৪৩ বলে করেন ৫৫। ১০১ বলে স্কিবার ৯ ছক্কায় করেন ১০৮ রান।  বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

মূল বিশ্বকাপে নামার আগে ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ। ডানেডিনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।