ইংল্যান্ড দলে ফিরলেন ওকস, চতুর্থ টেস্টে নেই বাটলার
হেডিংলিতে ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফেরা ইংল্যান্ড চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করেছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার ক্রিস ওকস। তবে দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে খেলার বাইরে চলে গেছেন কিপার ব্যাটসম্যান জস বাটলার।
২০২০ সালে দারুণ পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন ওকস। কিন্তু গোড়ালির চোটে ভারতের বিপক্ষে প্রথম তিন টেস্ট খেলতে পারেননি তিনি।
ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড এই পেসারকে পেয়ে উচ্ছ্বসিত, 'এটা দারুণ ব্যাপার যে ওকস ফিরে এসেছে। গত সপ্তাহে ওয়ারউইকশায়ারের হয়ে সে দারুণ বল করেছে। চোট কোন সমস্যা করেনি। সে আমাদের একটা সম্পদ। বোলিং এবং ব্যাটিংয়ের দিক থেকেও তাকে আমরা মিস করেছি। ওভালে খেলার জন্য সে মুখিয়ে আছে।'
এদিকে দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আগমনের তারিখ এগিয়ে আসায় ছুটি নিয়েছেন বাটলার। তার বদলে দলে নেওয়া হয়েছে কিপার-ব্যাটসম্যান স্যাম বিলিসংকে।
২ সেপ্টেম্বর ওভালে শুরু হবে চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে তিন টেস্ট শেষে ভারত-ইংল্যান্ড দুদলই একটি করে জেতে আছে ১-১ সমতায়।
চতুর্থ টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, রোরি বার্নস, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, দাবিদ মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড।