ইংল্যান্ড সফরে থাকা ভারতের দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর লম্বা বিরতি ছিল, ক্রিকেটারদের তাই ২০ দিনের ছুটি দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই ছুটিতে বেড়াতে গিয়েই ভারতের দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আক্রান্ত দুই ক্রিকেটারই আছেন আইসোলেশনে। এরমধ্যে একজন আছেন তার এক আত্মীয়দের বাড়িতে। তাদের নাম গোপন রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।
খবরে বলা হয়, এদের একজনের প্রথমে গলায় ব্যথা হয়। পরে পরীক্ষা করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ওই ক্রিকেটারের সংস্পর্শে থাকা আরও কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকেও আইসোলেশনে রাখা হয়েছে। বাকিরা যোগ দিয়েছেন ডারহামের অনুশীলন ক্যাম্পে।
জানা গেছে, আক্রান্ত দুই ক্রিকেটারই এখন সুস্থ আছেন। তাদের আর তেমন কোন উপসর্গ নেই।
লম্বা ছুটিতে থাকার সময় জাসপ্রিট বুমরাহ, রিশভ পান্তদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায়। ইউরো কাপের খেলা দেখতেও লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হাজির ছিলেন তারা। কেউ কেউ সময়টা কাজে লাগিয়েছেন খেলার মধ্যেই। স্পিনিং অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিনকে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে দেখা গেছে।
২০ জুলাই ডারহামে ট্যুর ম্যাচ দিয়ে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করবে বিরাট কোহলির দল। ৪ অগাস্ট নটিংহ্যামে শুরু হবে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।