ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল নিয়েই ভারত যাচ্ছে উইন্ডিজ
স্কোয়াডে কোনো পরিবর্তন আসেনি। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যে দল খেলছে, সে দল নিয়েই ভারত সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
শনিবার রাতে ঘোষিত হয়েছে ভারতের বিপক্ষে সিরিজের জন্য ক্যারিবিয়ানদের ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল। বরাবরের মতো কাইরন পোলার্ড অধিনায়কের দায়িত্ব ও নিকোলাস পুরান সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
টি-টোয়েন্টি সিরিজের আগে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। সেজন্য গত ২৭ জানুয়ারি যে দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ, সেখানে ছিল অনেক পরিবর্তন। কারণ, ঘরের মাঠে তুলনামূলক ছোট প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে হার নাড়িয়ে দিয়েছে তাদের। তবে বর্তমান টি-টোয়েন্টি দলটির ওপর ভরসা রাখছেন নির্বাচকরা।
সবমিলিয়ে ১১ ক্রিকেটার জায়গা পেয়েছেন দুই সিরিজের দলে। তারা হলেন পোলার্ড, পুরান, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, শেই হোপ, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের নতুন প্রধান নির্বাচক হয়েছেন সাবেক ক্রিকেটার ডেসমন্ড হেইন্স। আসন্ন ভারত সফর দিয়ে এই পদে যাত্রা শুরু করবেন তিনি।
আরও একবার উপেক্ষিত থেকে গেছেন শিমরন হেটমায়ার। তার ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। যদিও পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দলে আছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। তবে তাকে একেবারে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন না হেইন্স। তিনি জানিয়েছেন, উইন্ডিজের আগামীর পরিকল্পনায় আছেন হেটমায়ার।
আয়ারল্যান্ড সিরিজের আগে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন এভিন লুইস। এই ওপেনার এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি। ভারত সফরের দলে না থাকলেও তাকেও পরিকল্পনায় রাখার কথা বলেছেন হেইন্স।
আগামী ১৬ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজ। সবগুলো ম্যাচের ভেন্যু কলকাতা।
ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল:
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, জেসন হোল্ডার, শেই হোপ, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, কাইল মায়ার্স, হেইডেন ওয়ালশ জুনিয়র।