ইউল্যাব মাঠে আলো কাড়লেন ভারতীয় গুরিন্দর
এ আর রহমানের কনসার্টের প্রস্তুতির জন্য কয়েকদিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে না ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। প্রথমবারের মতো দেশের লিস্ট-এ আসরের ম্যাচ গড়ালো রাজধানী বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের ক্রিকেট মাঠে। তাতে ব্যাটে-বলের ঝলকে আলো কেড়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ভারতীয় ক্রিকেটার গুরিন্দর সিং। ফিফটি করেছেন আল-আমিন জুনিয়রও।
এই দুজনের ব্যাটে সোমবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে সহজেই হারিয়েছে গাজী গ্রুপ। গাজী গ্রুপের ২৪৭ রান তাড়ায় ১৬০ রানে থামে খেলাঘর ম্যাচ হেরেছে ৮৬ রানে।
গাজী গ্রুপের হয়ে ৬ চারে ৬১ রান করেন আল-আমিন জুনিয়র। গুরন্দিরের ব্যাট থেকে আসে ৭ চারে ৫৪ রান। পরে বাঁহাতি স্পিনে ৪০ রানে ৩ উইকেট নিয়ে তিনিই হন ম্যাচ সেরা।
আগে ব্যাটিং বেছে ২০ রানেই দুই ওপেনার হারিয়ে ফেলেছিল গাজী গ্রুপ। পরে ৭২ রানের জুটি পান ফরহাদ হোসেন ও আল-আমিন। ফরহাদ ৩৯ করে ফিরে গেলে গুরিন্দরের সঙ্গে জুটিতে দলকে টানেন আল-আমিন। তাদের জুটিতে আসে ৬২ রান। শেষদিকে জুবারুল ইসলাম ৩৫ রানের ইনিংস খেললে আড়াইশর কিনারে যায় গাজী গ্রুপ।
চ্যালেঞ্জিং রান তাড়ায় ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় খেলাঘর। গুরন্দিরের স্পিন সামলাতে হিমসিম খায় তারা। দলের বিপদে ৪৪ রান করে মাসুম খান, ৩৪ রান করে মেহেদী হাসান হারের ব্যবধান কিছুটা কমান। ফিল্ডিংয়ে চোটে ব্যাট করা হয়নি তাদের ভারতীয় ক্রিকেটার অশোক মানেরিয়ার।