উইকেট নিয়ে সব রকম চিন্তা মাথায় রাখছে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে খেলতে এসে মিরপুরের বাইশ গজের আচরণে রীতিমতো কাবু হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তাদের প্রত্যাশার সঙ্গে বিস্তর ফারাক ছিল উইকেটের। নিউজিল্যান্ড সেই সিরিজটা দেখার পর নিজেদের করণীয় ঠিক করে রেখেছে। তবে অনুমিত মন্থর উইকেটের বদলে অন্যরকম কিছু হলেও অবাক হবে না কিউইরা উইকেটের আচরণ থেকে সব রকম চিন্তাই তাই তাদের মাথায়।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট এমনিতেই খুব ব্যাটিং বান্ধব না। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেটা হয়ে উঠে একদম দুরূহ। ১২০ রান করাই ছিল বিশাল ব্যাপার। মন্থরতার সঙ্গে উঁচু নিচু বাউন্স মিলিয়ে টি-টোয়েন্টির একদম আদর্শ উইকেট ছিল না তা।

উইকেটের এমন অবস্থা দেখে বাংলাদেশে আসার আগে মাউন্ড মাঙ্গুনুইতে স্পিন সারফেস বানিয়ে প্রস্তুতি নিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশে এসেও তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তা।

তবে সবাইকে অবাক করে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরের উইকেটের আচরণ ভিন্নরকমও দেখা যেতে পারে। বাংলাদেশ সফরে দায়িত্ব থাকা কিউই কোচ গ্লেন পকন্যাল তাই শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন সব রকমের হিসাব ঘুরছে তাদের মাথায়, 'এটা বেশ কঠিন (ধারণা করা)। আমাদের একটা উপলব্ধি আছে যে উইকেটের চেহারা দেখে এবং অস্ট্রেলিয়া সিরিজ মাথায় রেখে তারা খেলবে। কিন্তু ইতিহাস পরামর্শ দেয় উইকেট একদম ভিন্নরকমও হতে পারে। আমরা দুই ধরণের আচরণের জন্যই প্রস্তুতি নিয়ে এসেছি। অস্ট্রেলিয়া সিরিজের মতো মন্থর উইকেটের প্রস্তুতিই আমাদের মূলত থাকছে। আমরা আসলে এরকম উইকেটে খেলতে অভ্যস্ত না। কিন্তু এখানে যদি কিছু পেস-বাউন্স দেখা যায়, তখন আমরা বেশ খুশি হবো।'

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিরিজে কেমন উইকেট মিলবে, তা বলে দিবে সময়।