উইন্ডিজের কাছে হার, অধিনায়ক রুটের পদত্যাগ চান সাবেকরা
টানা চারটি টেস্ট সিরিজে হারের তিক্ত স্বাদ পেয়েছে ইংল্যান্ড। গ্রেনাডায় তাদের বিপক্ষে ১০ উইকেটে জিতে ১-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ ঘরে তুলেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ধারাবাহিকভাবে বাজে ফল করায় ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুটের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন দলটির সাবেক দলনেতারা। মাইক আথারটন, নাসের হুসেইন, মাইকেল ভনদের চাওয়া, রুট স্বেচ্ছায় যেন নেতৃত্ব থেকে পদত্যাগ করেন অথবা তাকে যেন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
রোববার তৃতীয় টেস্টের চতুর্থ দিনে 'রিচার্ডস-বোথাম' ট্রফি জিতে নিয়েছে ক্যারিবিয়ানরা। অ্যান্টিগা ও বার্বাডোজে আগের দুই ম্যাচ হয়েছিল ড্র। আগের দিনের ৮ উইকেটে ১০৩ রান নিয়ে খেলতে নেমে সফরকারী ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ১২০ রানে। তাতে উইন্ডিজ জয়ের জন্য পায় ২৮ রানের মামুলি লক্ষ্য। কোনো উইকেট না হারিয়ে ৪.৫ ওভারেই সেটা মিলিয়ে ফেলে তারা।
ব্যাটার হিসেবে ফর্মের তুঙ্গে থাকলেও দলকে উজ্জীবিত করতে পারছেন না রুট। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে ৬৪ ম্যাচে তিনি হেরেছেন ২৬টিতে। এই সংস্করণে দলনেতা হিসেবে তার চেয়ে বেশি হারের রেকর্ড আছে আর কেবল দুজনের। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার গ্রায়েম স্মিথ ১০৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে হেরেছিলেন ২৯টিতে। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার স্টিফেন ফ্লেমিং হেরেছিলেন ৮০ ম্যাচের ২৭টিতে। রুটের সমান ২৬ হার আছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার। তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ৪৭ ম্যাচে।
অস্ট্রেলিয়ার কাছে সবশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর থেকে রুটের পদত্যাগ দাবি করে আসছেন মাইক আথারটন। দ্য টাইমসের কলামে তিনি লিখেছেন, 'রুটের অধিনায়কত্ব অচল এবং অন্তরের অন্তঃস্থল থেকে তার নিজেরও সেটা জানার কথা।'
দ্য ডেইলি মেইলে রুটের পাশাপাশি অ্যান্ড্রু স্ট্রস, পল কলিংউড ও জেমস টেইলরকে নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন নির্বাচক প্যানেলের সমালোচনায় মুখর হয়েছেন নাসের, 'রুট বিশ্বমানের একজন ব্যাটার এবং ব্যক্তি হিসেবে খুব পছন্দনীয়। কিন্তু আমি মনে করি, এই খেলাটির জন্য অধিনায়ক হিসেবে সহজাত যে অনুভূতি দরকার, সেটা তার কখনোই ছিল না।'
তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে রুটের স্থলাভিষিক্ত করার পরামর্শ দিয়ে নাসের আরও লিখেছেন, 'জো নিজ থেকেই পদত্যাগ না করলে সিদ্ধান্ত নেওয়ার ভার তার হাত থেকে সরিয়ে নেওয়া উচিত।'
রুট অধিনায়ক হিসেবে যথেষ্ট ভালো না উল্লেখ করে দ্য টেলিগ্রাফের কলামে ভন লিখেছেন, 'এটি (ব্যর্থতা) গ্রেনাডায় ঘটেছে, এটি অস্ট্রেলিয়ায় একটানা ঘটেছে এবং গত গ্রীষ্মে অনেকবার ঘটেছে।... শেষ পর্যন্ত আমাদের প্রশ্ন করতে হবে যে জো রুট আর অধিনায়ক না থাকলে, ইংল্যান্ডের কতটা খারাপ হবে? আমরা কি তার শূন্যতা অনুভব করতে যাচ্ছি? আমরা তার রান মিস করব না। কারণ, সে রান করতেই থাকবে। আমরা কি ম্যাচের মাঝপথে তার কৌশল মিস করতে যাচ্ছি? না।'