উইন্ডিজ সফরের 'এ' দলে থাকা সৌম্য-সাব্বির পারবেন ফেরার দাবি জানাতে?
আগামী অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। সেখানে তারা দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে। দুই সিরিজের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, নাঈম শেখ, সাইফ হাসানদের জন্য এই সফর ফেরার দাবি জানানোর বড় সুযোগ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দুটি আলাদা স্কোয়াড দিয়েছে বিসিবি। তবে কোনো দলেরই অধিনায়কের নাম জানানো হয়নি। দুই সিরিজের স্কোয়াডে আছেন এমন ক্রিকেটারের সংখ্যা ১১ জন। তারা হলেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলি অনিক, নাঈম হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, সাইফ ও মিঠুন।
শুধু এক দিনের ম্যাচের সিরিজের জন্য রাখা হয়েছে নাঈম শেখ, রকিবুল হাসান, সৌম্য ও সাব্বিরকে। ফজলে রাব্বি, তানভীর ইসলাম, এনামুল হক ও সাদমান জায়গা পেয়েছেন শুধু চার দিনের দুই ম্যাচের আন-অফিসিয়াল টেস্ট সিরিজে। তবে ফর্ম নিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের জায়গা হয়নি কোনো স্কোয়াডেই।
আগামী ৩১ জুলাই সেন্ট লুসিয়ায় উড়ে যাবে বাংলাদেশ 'এ' দল। প্রথম আন-অফিসিয়াল টেস্ট শুরু ৪ অগাস্ট, পরেরটি ১০ অগাস্ট। এক দিনের ম্যাচের সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ অগাস্ট। গোটা সিরিজের ভেন্যু সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়াম।
চার দিনের ম্যাচের স্কোয়াড: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহাদাত হোসেন দিপু, জাকের আলি অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, এনামুল হক।
এক দিনের ম্যাচের স্কোয়াড: সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি।