এই বিশ্বকাপেই রোহিতকে ভারতের নেতৃত্বে চান গাভাস্কার

স্পোর্টস ডেস্ক

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে ভারতের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন বিরাট কোহলি। তবে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনিল গাভাস্কার মনে করেন অধিনায়কত্বের বদল হওয়া উচিত এই বিশ্বকাপ থেকেই। দায়িত্ব দেওয়া উচিত রোহিত শর্মাকে।

মহেন্দ্র সিং ধোনির পর তিন সংস্করনেই ভারতকে নেতৃত্ব দিয়ে আসছিলেন কোহলি। টেস্টে বেশ কিছু সাফল্য ধরা দিলেও সাদা বলের ক্রিকেটে ভারতকে বড় কোন শিরোপা জেতাতে পারেননি কোহলি। এমনকি আইপিএলেও ট্রফিবিহীন থাকা কোহলি এই মৌসুমের পর ছাড়ছেন নেতৃত্ব।

কোহলির পর কে অধিনায়ক হবে তা ভারতীয় ক্রিকেট বোর্ড না জানালেও রোহিতের নামই বেশ জোরালো। স্টার স্পোর্টসের এক আলোচনায় যোগ দিয়ে গাভাস্কার আরও এক ধাপ এগিয়ে বিশ্বকাপ থেকেই রোহিতের উপর দায়িত্ব দেওয়ার পক্ষে,  'আগামী দুই বিশ্বকাপেই রোহিতের অধিনায়ক করা উচিত।'

অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপের পর খুব বেশি সময় নেই। পরের বছর অস্ট্রেলিয়ায় হবে আরেকটি বিশ্বকাপ। গাভাস্কারের মতে ধারাবাহিকতা রাখতে এই বিশ্বকাপ থেকেই ভার দেওয়া উচিত রোহিতের কাঁধে,   'দেখুন দুই বিশ্বকাপের মধ্যে সময়ের ব্যবধান বেশি নেই। একটি শুরু হবে এক মাস পর, আরেকটি এক বছর পর। তাই খুব বেশি বদল আনার সুযোগ নেই। পরের অধিনায়ক হিসেবে আবার পছন্দ রোহিত। পরের দুই বিশ্বকাপে ওকে দায়িত্ব দেওয়া উচিত।'