একই দিনে আশরাফুল ও শরিফুল্লাহর হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক

ব্যাট হাতে সুবিধা করতে না পারা মোহাম্মদ আশরাফুল জ্বলে উঠলেন বল হাতে। হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিলেন তিনি। তার ও মনির হোসেনের কল্যাণে অল্প রানে গুটিয়ে যাওয়ার পরও বরিশাল বিভাগ লিড নিল চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। জাতীয় লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরের আরেক ম্যাচেও হলো হ্যাটট্রিক। রাজশাহী বিভাগকে অলআউট করতে বোলিং নৈপুণ্য দেখালেন ঢাকা মেট্রোর মোহাম্মদ শরিফুল্লাহ।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসরের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে পতন হয়েছে ২০ উইকেটের। বরাবরের মতো স্পিনাররা দেখিয়েছেন দাপট। দিনশেষে বরিশাল এগিয়ে আছে ৫৯ রানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৪৬ রানে থামে তারা। জবাবে স্বাগতিকরা গুটিয়ে যায় কেবল ৮৭ রানে।

বরিশালের কেবল তিন ব্যাটসম্যান পৌঁছাতে পারেন তিন অঙ্কে। রাফসান আল মাহমুদ ১৪২ বলে সর্বোচ্চ ৬০ রান করেন। মইন খানের ব্যাট থেকে আসে ১২১ বলে ৪৫ রান। অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি আউট হন ২৬ বলে ১২ করে। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ২৬ রানে নেন ৫ উইকেট। অফ স্পিনার নাইম হাসান ৪ উইকেট নিতে খরচ করেন ৪৫ রান।

চট্টগ্রামের ইনিংসের অষ্টম ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিকের স্বাদ নেন অফ স্পিনার আশরাফুল। একে একে তিনি ফেরান সাদিকুর রহমান, মাহমুদুল হাসান ও ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে। এই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি চট্টগ্রাম। এরপর বাঁহাতি স্পিনার মনিরও উইকেট উৎসবে যোগ দিলে এলোমেলো হয়ে যায় তারা। অধিনায়ক ইরফান শুক্কুর সর্বোচ্চ ২০ রান করেন ১৬ বলে। মনির ১৫ ও আশরাফুল ৫৩ রানে নেন ৫ উইকেট।

কক্সবাজার একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহী প্রথম ইনিংসে তুলেছে ২৫২ রান। ওপেনার তানজিদ হাসান তামিম ১০৫ বলে খেলেন ৭৭ রানের ইনিংস। ফিফটি পান অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি ৬৭ রান করেন ১৩৮ বলে।

sharifullah.jpg

এক পর্যায়ে স্কোরবোর্ডে ২ উইকেটে ১৭৭ রান জমা করে ফেলেছিল রাজশাহী। কিন্তু তানজিদ ও শান্তর বিদায়ের পর ছড়ি ঘোরান শরিফুল্লাহ। একাই প্রতিপক্ষের লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন তিনি। ইনিংসের শেষ তিন বলে প্রীতম কুমার, তাইজুল ইসলাম ও আসাদুজ্জামান পায়েলকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ঘূর্ণি জাদুতে ৫ উইকেট নিতে তার খরচা ৭০ রান।

শেষ বিকালে ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রো বিনা উইকেটে ৩ রান করেছে। সাদমান ইসলাম ২ ও রাকিন আহমেদ উইকেটে আছেন ১ রানে। ২৪৯ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন তারা।