একাদশে দুটি পরিবর্তন নিয়ে শেষ ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টিতে মুদ্রা নিক্ষেপে জয়ী হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। এরপর টানা তৃতীয় ম্যাচে টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের দুই ম্যাচের মতো এদিনও তিনি আগে ব্যাটিং বেছে নিলেন। দুই দলের একাদশে পরিবর্তন আনা হয়েছে দুটি করে।

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচে টানা জিতে আগেই সিরিজ নিজেদের পকেটে পুরেছে স্বাগতিকরা। তারা সিরিজে এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।

বাংলাদেশের একাদশে এসেছে দুটি বদল। শামীম পাটোয়ারীর জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিন বোলিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলামের হালকা চোট রয়েছে। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

অজিরা বিশ্রাম দিয়েছে দুই পেসার জশ হ্যাজেলউড ও অ্যান্ড্রু টাইকে। তারা একাদশে ফিরিয়েছে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও তৃতীয় টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেকে হ্যাটট্রিক করা পেসার নাথান এলিসকে।

উইকেট মন্থর ও টার্নিং হওয়ায় স্পিনাররা ছড়ি ঘুরিয়েছেন সিরিজজুড়ে। বাংলাদেশের একাদশে ঘূর্ণি বোলার রয়েছেন ছয়জন। এ ম্যাচে অস্ট্রেলিয়াও তাদের স্পিন বিভাগকে বিস্তৃত করেছে। সফরকারীদের একাদশে লেগ স্পিনার রয়েছেন দুজন। তারা হলেন আগের টি-টোয়েন্টিতে জয়ের নায়ক মিচেল সোয়েপসন ও জাম্পা। তাদের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার ও স্পিন বোলিং অলরাউন্ডার অ্যাশটন টার্নার।

বাংলাদেশ একাদশ:

নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ:

আলেক্স ক্যারি, মিচেল মার্শ, মোজেজ হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল সোয়েপসন, অ্যাডাম জাম্পা, বেন ম্যাকডারমট, ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস।