এক লাফে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি সংস্করণে শুরু থেকেই এক প্রকার তলানিতেই অবস্থান করছিল বাংলাদেশ। সহযোগী দেশছাড়া সব দেশই ছিল তাদের উপরে। অবশেষে এ সংস্করণেও উন্নতি করতে পেরেছে টাইগাররা। আগের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে এক লাফে ৭ নম্বর স্থানে উঠেছে এসেছে বাংলাদেশ।

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ফলে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে টাইগাররা।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আর ম্যাচ শেষেই সুসংবাদটা পায় টাইগাররা।

ঘরের মাঠে এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজে জিতেছিল বাংলাদেশ। তবে তখন র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি তাদের। কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে জয় পাওয়ার দিনে উন্নতি দেখল টাইগাররা।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছিল বাংলাদেশের। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি এক প্রকার অনুমিতই ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে বাংলাদেশ।

বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে আরও। সিরিজ জিতলেই এক ধাপ এগিয়ে যাবে তারা। আর নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে পেছনে ফেলে পাঁচ নম্বরে উঠে আসবে টাইগাররা।

বাংলাদেশের ওপরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ২৪০ আর দক্ষিণ আফ্রিকা ২৪৬। কিউইদের বিপক্ষে সিরিজের সব ম্যাচ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ২৪৮। তবে একটি ম্যাচ হেরে গেলে ২৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করবে বাংলাদেশ। ৩-২ ব্যবধানে জিতলে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে উঠবে তারা।

সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড মাত্র ৬০ রানে অলআউট করে বড় জয়ই পেয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে সিরিজে দারুণ কিছু হবে এমন প্রত্যাশা করা খুবই স্বাভাবিক। আগামী ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।