'এখন কোনো চাপ নেই, আমরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারব'
স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে ভীষণ বিপাকে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে টানা দুই জয়ে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের রেকর্ড জয়ে ম্যাচসেরা হওয়া সাকিব আল হাসান জানালেন, তাদের উপরে থাকা চাপ সরে গেছে।
বৃহস্পতিবার ওমানের আল আমেরাত স্টেডিয়ামে সহজ প্রতিপক্ষকে অনায়াসে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান তোলে। জবাবে তিন বল বাকি থাকতে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় আইসিসির সহযোগী সদস্য পাপুয়া নিউগিনি। এতে স্বাগতিক ওমান ও স্কটল্যান্ডের ম্যাচে যে ফলই হোক না কেন 'বি' গ্রুপের সেরা দুইয়ে থেকে সুপার টুয়েলভে উঠে গেছে বাংলাদেশ।
প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে যাওয়ায় বেশ নির্ভার বোধ করছেন সাকিব, 'প্রথম ম্যাচে হারায় অবশ্যই আমরা ধাক্কা খেয়েছিলাম। কিন্তু টি-টোয়েন্টি এমন একটা সংস্করণ যেখানে নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, তারাই জিতবে। তবে এখন আর কোনো চাপ নেই এবং আমরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারব।'
ব্যাট হাতে ৩৭ বলে ৩ ছয়ের সাহায্যে ৪৬ রান করার পর বল হাতে ৯ রানে ৪ উইকেট নেন সাকিব। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডে পাকিস্তানের সাবেক তারকা শহিদ আফ্রিদির পাশে বসেছেন তিনি। ৩৪ ম্যাচ খেলে ২৩.২৫ গড়ে ৩৯ উইকেট নিয়েছেন আফ্রিদি। সাকিব তার কীর্তিতে ভাগ বসিয়েছেন ছয় ম্যাচ কম খেলেই। ২৮ ম্যাচে ১৬.৪১ গড়ে তিনি দখল করেছেন ৩৯ উইকেট।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবশেষ দুই ম্যাচেই ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে শূন্য রানে আউট হয়েছিলেন সাকিব। এরপর স্কটিশদের বিপক্ষেও ভোগেন তিনি। তবে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে পুরনো ছন্দে দেখা গেছে তাকে। রানে ফেরা নিয়ে তার বক্তব্য, 'এই সংস্করণে ফর্মে ফেরা সহজ ব্যাপার নয়। তবে সৌভাগ্যক্রমে আমি ব্যাটিং অর্ডারের উপরের দিকে নামার সুযোগ পাচ্ছি।'
টানা খেলার মধ্যে থাকায় কিছুটা ক্লান্তি ভর করেছে সাকিবের উপর। সেটা জয় করে সামনে ভালো পারফরম্যান্স দেখানোর প্রত্যাশা জানিয়ে রেখেছেন তিনি, 'তবে আমি কিছুটা ক্লান্ত। গত পাঁচ-ছয় মাস ধরে আমি টানা ক্রিকেট খেলছি। লম্বা একটা মৌসুম যাচ্ছে আমার। কিন্তু আশা করি, আমি এই টুর্নামেন্টে ভালো কিছু করতে পারব।'