আকরামের জায়গায় ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে আর থাকতে চান না আকরাম খান। কদিন আগেই ঘটা করে বিষয়টি জানিয়েছিলেন এ সাবেক ক্রিকেটার। বাধ্য হয়েই নতুন কাউকে খুঁজতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। শেষ পর্যন্ত এ দায়িত্বের জন্য জালাল ইউনুসকে বেছে নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে সাংবাদিকদেরকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বহুল আলোচিত এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পাপন বলেন, 'ক্রিকেট অপারেশন্সে জালাল ইউনুসকে এই কমিটির চেয়ারম্যান হিসেবে আমরা দায়িত্ব দিয়েছি। তার সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন।... মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্সে চেয়ারম্যান তানভির আহমেদ টিটু, ভাইস চেয়ারম্যান জালাল ভাই থাকছেন।'
গত অক্টোবরে বিসিবি নির্বাচন হলেও নানা কারণে স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করা হয়নি। পুরনো কমিটিতে যারা ছিলেন, তারাই দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন। আড়াই মাস পর এদিন দেওয়া হয়েছে নতুন কমিটি। সে কমিটিতেই জালাল পেলেন অপারেশন্সের দায়িত্ব। এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। এ কমিটিতে এবার ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন জালাল। চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তানভীর আহমেদ টিটুকে।
২০১৪ সালে নাজমুলের নেতৃত্বে নির্বাচিত কমিটিতে প্রথমবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পান আকরাম। তবে পরের বছরের অক্টোবরে সাবেক জাতীয় দলের সতীর্থ নাঈমুর রহমান দুর্জয়ের কাছে পদ হারিয়েছিলেন তিনি। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফের ওই পদে বহাল হন আকরাম। এরপর দীর্ঘ ৬ বছর দায়িত্ব পালন করেন তিনি। কিছু দিন আগে এ দায়িত্ব আর না পালন করার কথা জানান তিনি। সেই ধারায় এবার সরিয়ে দেওয়া হলো বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।
স্ট্যান্ডিং কমিটি:
ওয়ার্কিং কমিটি: চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ
মিডিয়া এন্ড কমিউনিকেশন্স: চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস
গেম ডেভেলপমন্টে: চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা
হাই-পারফরম্যান্স: চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান
টুর্নামেন্ট কমিটি: চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন
গ্রাউন্ডস কমিটি: চেয়ারম্যান মাহবুব আনাম
ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট: চেয়ারম্যান আকরাম খান
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট: চেয়ারম্যান আকরাম খান
ক্রিকেট অপারেশন্স: চেয়ারম্যান জালাল ইউনুস, ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন
বয়সভিত্তিক টুর্নামেন্ট: চেয়ারম্যান ওবেদ নিজাম, ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু
আম্পায়ার্স কমিটি: চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু
সিসিডিএম: চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী
মার্কেটিং এন্ড কমার্শিয়াল: চেয়ারম্যান শেখ সোহেল
বিপিএল গভর্নিং কাউন্সিল: চেয়ারম্যান শেখ সোহেল
বাংলা টাইগার্স: চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।