এবার টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সোহান-মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম দুই ম্যাচ জেতায় আগেই সিরিজ নিশ্চিত হয়েছে। তবে ওয়ানডে সুপার লিগের হিসেবে ১০ পয়েন্টের জন্য তৃতীয় ম্যাচটাও ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের। সেখানে টস জিতে অধিনায়ক তামিম ইকবাল আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার হারারেতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে একাদশে এসেছে দুটি বদল। চোট থেকে সেরে ওঠায় একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তিনি ফেরায় বাদ পড়েছেন আরেক বাঁহাতি শরিফুল ইসলাম।

আগের ম্যাচে আঙুলে চোট পাওয়ায় এই ম্যাচে নেই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় লম্বা সময় পর খেলছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সাড়ে চার বছর আগে নিউজিল্যান্ডের মাঠে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

একাদশে দুটি বদল এনেছে স্বাগতিক জিম্বাবুয়েও। চোটের কারণে আগের ম্যাচে না থাকা লেগ স্পিনিং অলরাউন্ডার রায়ান বার্ল ফিরেছেন। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন টিনাশে কামুনহুকামুয়ে। পেসার রিচার্ড এনগারাভার জায়গায় খেলছেন পেস অলরাউন্ডার ডোনাল্ড টিরিপানো।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ,মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: টাডিওয়ানাশে মারুমানি, রেজিস চাকাভা, ব্র্যান্ডন টেইলর, রায়ান বার্ল, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে,  লুক জঙ্গুয়ে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, ডোনাল্ড টিরিপানো।