জাতীয় লিগে ফিরে বোলিং করলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে ব্যাটিং ব্যর্থতার কারণেই বারবার সংবাদ শিরোনাম হচ্ছেন লিটন দাস। খবর হয়েছেন ক্যাচ মিস করার কারণেও। তবে এ সব ছাপিয়ে এবার নতুন চমক উপহার দিয়ে সংবাদ শিরোনাম হয়েছেন লিটন। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ে  জাতীয় লিগে ফিরে এবার বল করেছেন তিনি।

ক্রিকেটার হিসেবে বোলিং করতেই পারেন লিটন। কিন্তু একজন উইকেটরক্ষককে সে অর্থে বল করতে দেখা যায় না। তার উপর দেশের ক্রিকেটে এক দশকের বেশি সময় ধরে খেলেও কখনোই তাকে বোলিং করতে দেখা যায়নি। সেখানে আজ জাতীয় লিগে প্রথমবারের মতো বল হাতে তুলে নিলেন এ ক্রিকেটার।

অবশ্য লিটনদের ম্যাচটাও তখন এগিয়ে যাচ্ছিল নিষ্প্রাণ ড্রয়ের দিকে। ফলাফল পক্ষে আসার জন্য নাটকীয় কিছু হওয়াও ছিল প্রায় অসম্ভব। নিজেদের পুরো ইনিংসই থাকে বাকি। তাই নিছক মজা করেই বোলিংয়ে আসেন লিটন। অধিনায়ক আকবর আলী ব্যবহার করেন নয়জন বোলার। 

তবে সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটের কারণেই লিটনের বোলিং করার বিষয়টি আলোচিত হচ্ছে। কারণ সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ। শ্রীলঙ্কার বিপক্ষে তো দুটি ক্যাচ ছেড়ে রীতিমতো ভিলেন বনে যান। জাতীয় লিগে ফিরে থিতু হয়েও বড় রান করতে পারেননি।

রংপুর বিভাগের হয়ে এদিনের শুরুতে ব্যাট করতে নামেন লিটন। আগের দিনের করা ২৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা এ ব্যাটার এদিন রান করতে পারেননি একটিও। সুমন খানের বলে বোল্ড হয়ে গেছেন। এরপর ইনিংস শেষে ঢাকার বিপক্ষে বল করেন তিনি। খুব একটা খারাপ করেননি। ৩ ওভার বল করে ১৪ রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য।

লিটনের বোলিং করার দিনে ড্র হয়েছে ঢাকা-রংপুরের ম্যাচ। শেষ দিনে নিজেদের প্রথম ইনিংসে ২২২ রানে ইনিংস ঘোষণা করে রংপুর। এরপর ঢাকা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫৭ রান করলে ড্র মেনে নেয় দুই দল।

প্রথম স্তরের অপর ম্যাচও ড্র হয়েছে। আগের দিনের ১ উইকেটে ৮০ রান নিয়ে ব্যাট করতে নামা সিলেট শেষ পর্যন্ত ২৯৪ রানে অলআউট হয়ে যায়। খুলনার লক্ষ্য দাঁড়ায় ২৪৪ রানের। ১ উইকেটে ১৩ রান করার পর ড্র মেনে নেয় দুই দল।

দ্বিতীয় স্তরের দুটি ম্যাচেই ফলাফল এসেছে। ঢাকা মেট্রোকে ৭ উইকেটে হারিয়েছে বরিশাল। যদিও দ্বিতীয় ইনিংসে লড়াই করেছিল দলটি। ৩২৫ রান করে লক্ষ্য দেয় ৬৫ রানের। ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বরিশাল।

অপর ম্যাচে চট্টগ্রামকে ১৬৬ রানে হারিয়েছে রাজশাহী। ৪১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪৭ রান করতে পারে চট্টগ্রাম।