এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের ভাবনাজুড়ে কেবলই জয়
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই লড়াইয়ে জিতে আসরে শুভ সূচনা করতে মুখিয়ে আছে রকিবুল হাসানের নেতৃত্বাধীন দল।
আগামীকাল শুক্রবার এশিয়া কাপ অভিযান শুরু করবে যুবারা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।
এশিয়া কাপে অংশ নিতে গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতগামী বিমানে চড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এক দিনের কোয়ারেন্টিন শেষে এদিন বৃহস্পতিবার তারা করেছে অনুশীলন।
এক ভিডিও বার্তায় দলনেতা রকিবুল বলেছেন, প্রস্তুতি শেষে নেপালকে হারানোর লক্ষ্যের দিকে তাকিয়ে আছেন তারা, 'আগামীকালকে আমাদের এশিয়া কাপের প্রথম ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের জন্য। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিতে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। ভালো ক্রিকেটটা খেলতে চাই। দল খুব ভালো অবস্থায় আছে। সবাই সুস্থ আছে। আজকে আমাদের প্রথম অনুশীলন সেশনটা করেছি। কালকে সবাই মিলে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব যাতে আমরা ভালো ক্রিকেট খেলি এবং প্রথম ম্যাচটা জিতে শুরু করি।'
'একদিন কোয়ারেন্টিনেছিলাম আমরা। আজকে প্রথম অনুশীলন সেশন করেছি। ভালো অনুশীলন হয়েছে। আমরা পুরোপুরি প্রস্তুত কালকের ম্যাচের জন্য।'
এবারের যুব এশিয়া কাপে 'বি' গ্রুপে খেলছে বাংলাদেশ। তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা ও কুয়েত। 'এ' গ্রুপে খেলছে ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও স্বাগতিক আরব আমিরাত।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পরদিনই কুয়েতকে মোকাবিলা করবে লাল-সবুজ জার্সিধারীরা। শেষ ম্যাচে আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচ দুটিও হবে শারজাহতে।