ওপেনারদের দুর্দান্ত সূচনার পর বিবর্ণ ব্যাটিং নিউজিল্যান্ডের
কী দারুণ সূচনাই না এনে দিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও টম লাথাম। ওপেনিং জুটিতেই দেড়শ পার। কিন্তু এ জুটি ভাঙতেই কি যেন হয়ে গেল দলটির। দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে পড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কিউইদের ব্যাটিং লাইন আপ। তাতে উল্টো প্রথম ইনিংসে লিড পেয়েছে ভারত।
কানপুর টেস্টের তৃতীয় দিন শেষে ৬৩ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে ২৯৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৪ রান তুলেছে ভারত।
মূলত অক্ষর প্যাটেলের ঘূর্ণিতেই শেষ হয় কিউইরা। এদিন রস টেইলর, হেনরি নিকোলস, টম লাথাম, টল ব্লান্ডেল ও রাচিন রবীন্দ্রর উইকেট তুলে নেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারের চতুর্থ টেস্টে এসেই পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন এ স্পিনার। আর টানা ষষ্ঠ ইনিংসে পেলেন ৪ উইকেট কিংবা তার বেশি।
অবশ্য কিউইদের অসাধারণ ওপেনিং জুটিটি ইয়ংকে ফিরিয়ে ভাঙেন অশ্বিন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকা এ ব্যাটার পয়েন্টে ক্যাচ তুলে দেন অতিরিক্ত ফিল্ডার ভারতের হাতে। সফরকারীদের বড় ধাক্কাটা দেন উমেশ যাদব। অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফেরান তিনি। এরপর মঞ্চে আবির্ভাব হয় অক্ষরের। অশ্বিনের সঙ্গে কিউইদের মিডল অর্ডার ধসিয়ে দিয়ে ভারতকে লিড এনে দেন তিনি।
দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলেন লাথাম। ২৮২ বলে ১০টি চারের সাহায্যে এ রান করেন এ ওপেনার। আরেক ওপেনার ইয়ং করেন ৮৯ রান। ২১৪ বলে ১৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এ দুই বেটারের ওপেনিং জুটিতে এসেছিল ১৫১ রান। এরপর আর কোনো ব্যাটার দায়িত্ব নিতে পারেননি। হয়নি বলার মতো কোনো জুটিও।
ভারয়ের পক্ষে ৬২ রানের খরচায় ৫টি উইকেট নেন অক্ষর। ৮২ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন অশ্বিন। উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা পেয়েছেন ১টি করে উইকেট।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই শুভমান গিলকে হারিয়েছে ভারত। জেমিসনের বলে বোল্ড হয়ে যান তিনি। তবে মায়াঙ্ক আগারওয়াল ৪ ও চেতশ্বর পুজারা ৯ রানে উইকেটে আছেন।