ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে ওঠা লিটন যখন শ্রীলঙ্কান!
ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। কিন্তু নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ভুল করে বসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের লিটন দাসকে তারা বানিয়ে ফেলেছে শ্রীলঙ্কার খেলোয়াড়। আরেক টাইগার ক্রিকেটার মেহেদী হাসানকে মিরাজকে লেখা হয়েছে আফগানিস্তানের রশিদ খানের সতীর্থ।
সব গণমাধ্যমেরই ভুল হয়। কখনও কখনও তা জন্ম দেয় হাস্যরসের, কখনও কখনও বিতর্কের। আইসিসি যে ভুলটা বুধবার করেছে, তা নিতান্তই করণিক ভুল। তবে তারা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক হওয়ায় ভুলটা আলোচনার বড় খোরাক হয়ে উঠেছে।
আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়ান লিটন। একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ২২৩ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। এমন উজ্জ্বল পারফরম্যান্সের কারণে অবধারিতভাবেই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতে। বাংলাদেশের এই তারকা ওয়ানডের ব্যাটিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিন ধাপ। তিনি অবস্থান করছেন ৩২ নম্বরে। এটাই তার ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং। অন্যদিকে, দল ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও স্পিন অলরাউন্ডার মিরাজের সময়টা ভালো কাটেনি বল হাতে। আফগানদের বিপক্ষে মাত্র ২ উইকেট শিকার করেন তিনি। ফলে বোলিং র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে তিনি আছেন সপ্তম স্থানে। কিন্তু সংবাদ বিজ্ঞপ্তিতে ভুল করে লিটনকে শ্রীলঙ্কান আর মিরাজকে আফগান বলা হয়েছে।
আইসিসির বিবৃতির শেষদিকে লেখা হয়েছে, 'ছেলেদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে অভিজ্ঞ স্পিনার রশিদ খান বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক তিন ম্যাচের সিরিজে ৫ উইকেট নিয়ে বোলারদের তালিকার শীর্ষ দশে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন। রশিদ ছয় ধাপ লাফিয়ে নবম স্থানে উঠেছেন এবং তার সতীর্থ মেহেদী হাসান মিরাজ দুই ধাপ নিচে নেমে আছেন সপ্তম স্থানে।'
মিরাজকে নিয়ে এই ভুলের পর দারুণ ছন্দে থাকা লিটনকে নিয়েও ভুল করেছে আইসিসি, 'শ্রীলঙ্কার লিটন দাস বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং ব্যাট হাতে তিনি ক্যারিয়ারসেরা ৩২তম স্থানে উঠে এসেছেন।'
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, নিজেদের ভুল এখনও সংশোধন করেনি আইসিসি।